রাইটের উত্তরসূরি ‘অখ্যাত’ হেসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে সিনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা নেই। কোচিং ক্যারিয়ার শুরুর বয়সটাও অস্বাভাবিক, মাত্র ২২ বছর বয়সে। সেই ‘অখ্যাত’ মাইক হেসনকে আজ শুক্রবার প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।জন রাইটের উত্তরসূরি হেসন ২০০৮-১১ পর্যন্ত নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করেছেন। সাত বছর কাজ করেছেন প্রাদেশিক দল ওটাগো ভোল্টের হয়ে। ২০০৯ সালে কাউন্টি ক্রিকেটে জন ব্রেসওয়েলের সহাকরী হিসেবে কিছুদিন কাজ করেন তিনি। ৩৭ বছর বয়সী হেসন গত বছর ছিলেন কেনিয়া জাতীয় দলের কোচ। নিউজিল্যান্ড বোর্ডের ক্রিকেট পরিচালক জন বুকানন জানিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে থাকবেন হেসন। আগামী মাসে অনুষ্ঠেয় ভারত সফরে কিউইদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।বিদায়ী জন রাইটকেই অবশ্য কোচ হিসেবে রাখার আগ্রহ ছিল নিউজিল্যান্ডের। চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এতে সম্মতি দেননি রাইট। গত ১ মে বোর্ড ঘোষণা দেয়, চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন রাইট। রাইটের এমন সিদ্ধান্তের কারণ ছিল, অস্ট্রেলীয় জন বুকাননের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। সাংবাদিকদের কাছে তা স্বীকারও করেন নিউজিল্যান্ডের সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান। সরে দাঁড়ানোর সময় রাইট বলেছিলেন, ‘দল পর্যালোচনা করতে গিয়ে বর্তমান ক্রিকেট পরিচালক এবং আমি কিছু পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছি। কিন্তু বুকানন যেভাবে এসব বাস্তবায়ন করতে চান, তা আমার কোচিং পদ্ধতির সঙ্গে মেলে না। এটা সরে দাঁড়ানোর একটা বড় কারণ।’রাইটের হাত ধরেই ১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করে কিউইরা। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলার কৃতিত্ব ছিল রাইটের। রয়টার্স।