রাইটের পক্ষপাত যুবরাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় টেস্ট দলের ছয় নম্বর জায়গাটি যুবরাজেরই হোক—মনেপ্রাণে তা চাইছেন ভারতের সাবেক কোচ জন রাইট। বিখ্যাত ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনস্টার ডটকমের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ছয় নম্বর জায়গাটির জন্য আমি সুরেশ রায়নার বদলে যুবরাজ সিংকেই নিতে চাই।’রাইট বলেন, ‘যদি আমাকে সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের যেকোনো একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি যুবরাজকেই বেছে নেব। এ ব্যাপারে আমি “পক্ষপাতদুষ্ট”।’২০০৫ সালে ভারতের কোচের পদ ছেড়েছিলেন রাইট। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আগ্রহটা এখনো অটুট তাঁর। সম্প্রতি নিউজিল্যান্ডের সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজির দূত হিসেবে ভারত সফররত রাইটের মতে, ‘ছয় নম্বর জায়গাটি রায়না ও যুবরাজ দুজনেরই প্রাপ্য। অতীতে এ দুজন এই স্থানে নিজেদের প্রমাণ করেছে। তবে এ জায়গায় আমার পছন্দ যুবরাজই। এ জন্য তাকে তার ফিটনেস প্রমাণ করতে হবে। ফিটনেস এমনই একটা ব্যাপার, যেটা দল নির্বাচনে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য হওয়া উচিত।’যুবরাজ সিং সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যুবরাজ দারুণ ফর্মের প্রমাণ দিয়েছে। ব্যাটে-বলে সে দারুণ পারফর্ম করেছে। সে বোধ হয় একটা সুযোগ পেতেই পারে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়েই কেবল নয়, সম্প্রতি ভারতের ঘরোয়া দুলীপ ট্রফিতেও যুবরাজের পারফরম্যান্স দারুণ উজ্জ্বল। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর চিকিৎসা নিয়ে গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন যুবরাজ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমে টেস্ট দলে ফেরার পথটা যুবরাজ সুগম করে রেখেছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই। আজ সোমবার যেকোনো সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করবে নতুন নির্বাচক প্যানেল। সাবেক ক্রিকেটার রজার বিনি, সাবা করিম, বিক্রম রাঠোরের সমন্বয়ে গঠিত এই নির্বাচক প্যানেলের নেতৃত্বে আছেন আরেক সাবেক ক্রিকেটার সন্দীপ পাতিল। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দারুণ সব স্মৃতি রয়েছে জন রাইটের। এই জন রাইটই ২০০০ সালের পর ভারতীয় ক্রিকেটকে নতুন দিগন্তের সন্ধান দিয়েছিলেন; অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ক্রিকেটে এনেছিলেন সংস্কার। তাঁর কোচিংয়েই ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট জিতেছিল ভারত। একই বছর বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালেও স্থান করে নেয় ভারত। ওই সময়টা দারুণ ছিল বলেই সাক্ষাত্কারে মন্তব্য করেছেন জন রাইট। তিনি বলেন, ‘ভারতের ওই দলটাও ছিল অসম্ভব ভালো। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দর শেবাগ, জাভাগাল শ্রীনাথ—এ নামগুলো ছিল প্রতিষ্ঠিত। এদের পাশাপাশি হরভজন সিং ও যুবরাজ সিংরাও উঠে আসছিল। আমি ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছি। আমার মনে হয়েছে, এ দেশে প্রচুর ক্রিকেটীয় প্রতিভা রয়েছে। ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাই মূলত ভারতে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’সেরা সব ভারতীয় ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে রাইট বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের বিদায় ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটিংয়ে শূন্যতা তৈরি করবে। তিনি আরও বলেন, ‘এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমার মনে হয় কেবল দ্রাবিড় ও লক্ষ্মণের শূন্যতা পূরণ করতেই ভারতের অনেক দিন লেগে যাবে। কোচ হিসেবে তাদের খুব কাছ থেকে দেখেছি। ওরা ছিল দুর্দান্ত পরিশ্রমী ও সুশৃঙ্খল ক্রিকেটার। কোচ হিসেবে ওদের কোনো কিছু বলে দিতে হতো না। পেশাদার ক্রিকেটার হিসেবে তারা জানত, কখন তাদের কী করতে হবে।’