রাইটের ‘পরীক্ষা’ নিচ্ছেন রাইডার
ধৈর্যেরও তো একটা সীমা আছে! জেসি রাইডার যেন ক্রমেই হয়ে উঠছেন নিউজিল্যান্ডের ‘সাইমন্ডস’। একবার-দুবার নয়, এই নিয়ে চার-চারবার মাতলামির জন্য আলোচনায় উঠে এলেন রাইডার। ছোটখাটো শৃঙ্খলাভঙ্গের ঘটনা তো আছেই। প্রতিভাবান ও ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য পার পেয়ে যান বারবার। কিন্তু কত আর সহ্য করা যায়! হতাশ নিউজিল্যান্ড কোচ জন রাইট বলছেন, ধৈর্যের বড় পরীক্ষাই নিচ্ছেন রাইডার!রাইডারের সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল ২০০৮ সালের ফেব্রুয়ারিতে, ক্রাইস্টচার্চের একটি বারে মাতাল হয়ে জানালার কাচে ঘুষি মেরে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিন মাসের জন্য। ২০০৯ সালে মাতলামির আরেকটা ঘটনার পর ক্রিকেট নিউজিল্যান্ড জানায়, রাইডার অ্যালকোহল ছেড়ে দেবেন। কিন্তু ২০১০ সালের আগস্টে আবারও মাতাল হয়ে শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা গোনেন। এর পরও যে অ্যালকোহল ছাড়েননি, সেটার প্রমাণ ২৯ ফেব্রুয়ারির ঘটনা। রাতে হোটেল থেকে বেরিয়ে নেপিয়ারের বারে মাতলামির জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের শেষ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে রাইডার ও পেসার ডগ ব্রেসওয়েলকে। রাইডারকে রাখা হয়নি টেস্ট দলেও। প্রথমবার বলেই হয়তো ব্রেসওয়েল আছেন টেস্ট দলে। আর ওয়ানডের পারফরম্যান্সে টেস্ট দলে সুযোগ পেয়েছেন দুই অলরাউন্ডার রব নিকোল ও অ্যান্ড্রু এলিস।রাইডার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কি না, এই প্রশ্নের জবাবে রাইটের উত্তর, ‘এটা বলাটা অযৌক্তিক হবে না...ও দারুণ প্রতিভাবান এক ক্রিকেটার এবং ওর এগিয়ে যাওয়া নির্ভর করছে নিজের ওপরই। যদি পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকে এবং দলীয় শৃঙ্খলা মানা হয়, দলে খেলার সুযোগ সবারই আছে। দরজা সবার জন্যই খোলা, কিন্তু বেঁধে দেওয়া মানদণ্ড ছুঁতে হবে।’ রাইটের মতে, এসব ঘটনা দলে বাজে প্রভাব ফেলে, ‘সত্যি বলতে, এতে দলের মনোযোগ ছিন্ন হয়েছে। আমরা এটা নিয়ে কথা বলেছি, এটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাই—কাল (আজ) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ঘটনাটা হতাশাজনক তো বটেই। তবে এসব জীবনেরই অংশ। লোকে ভুল করে এবং এসব পেছনে ফেলে এগিয়ে যেতে হয়।’‘সতীর্থরা রাইডারের দিকে চোখ রাখতে পারে না?’ এই প্রশ্নে রাইটের রসিকতা, ‘কাজটা কঠিন, রাতের বেলা তো বেশির ভাগ ক্রিকেটারই ঘুমিয়ে থাকে...ওরা তো অন্তত পেশাদার!’ রাইডারকে নিয়ে কোচের কথারই প্রতিধ্বনি যেন ব্রেন্ডন ম্যাককালামের কণ্ঠে, ‘সবাই খুব হতাশ, আশা করি ক্রিকেট নিউজিল্যান্ড ব্যাপারটা ভেবে দেখবে। চুক্তিগত কিছু বাধ্যবাধকতা থাকেই, যেগুলো মেনে চলতে হয়, কিন্তু জেসি এখন সেগুলো মানছে না। জেসি যখন ভালো খেলেছে এবং সুস্থ মস্তিষ্কে ছিল সতীর্থরা ওকে দলে চেয়েছে, কিন্তু কেউ চায়নি এভাবে মনোযোগ বিচ্ছিন্ন হোক।’ ওয়েবসাইট।নিউজিল্যান্ড টেস্ট দলরস টেলর (অধিনায়ক), ব্রেন্ট আরনেল, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্ড্রু এলিস, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, রব নিকোল, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরি, ব্র্যাডলি-জন ওয়াটলিং, কেন উইলিয়ামসন।