রাইডার আবারও
দুজনই ছিলেন অকল্যান্ডে প্রথম টেস্টের দলে। কিন্তু টেস্টের আগের রাতটা জেসি রাইডার ও ডগ ব্রেসওয়েল কাটিয়ে দেন অকল্যান্ডের এক পানশালায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েন দল থেকে। এবার তাঁরা ছিটকে পড়লেন দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকেই।
১৪ ফেব্রুয়ারি শুরু ওয়েলিংটন টেস্টের জন্য এখনো নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়নি। কিন্তু নিউজিল্যান্ড কোচ মাইক হেসন আগেই নিশ্চিত করে দিয়েছেন, রাইডার-ব্রেসওয়েলকে ওয়েলিংটন টেস্টে বিবেচনা করা হবে না। পানশালার ওই ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে। এমনিতেও অবশ্য ওয়েলিংটন টেস্টের দলে বিবেচিত হতে পারতেন না ব্রেসওয়েল। পানশালা থেকে বেরোনোর পথেই পা ভেঙে ফেলেছেন।
এদিকে রাইডার প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ৭ ফেব্রুয়ারি ওটাগোর হয়ে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কিন্তু হলে কী হবে, পানশালা-বিতর্ক যে টেস্ট দলে ঢোকার পথ বিছিয়ে রেখেছে কাঁটা।
এর আগেও নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন, দল থেকে ছিটকে পড়েছেন। গত বছর পানশালার এক ঘটনার জেরে আততায়ীর আঘাতে মৃত্যুর দুয়ার দেখে এ বছরই ফিরেছেন আবার জাতীয় দলে। কিন্তু পানশালাপ্রীতি গেল না নিউজিল্যান্ড ক্রিকেটের ‘ব্যাড বয়ে’র! ওয়েবসাইট।