রাইডার এখনই নন
যথেষ্ট শিক্ষা হয়েছে। এবার আর এত সহজেই নরম হতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট। বারবার শৃঙ্খলা ভাঙার পরও স্রেফ প্রতিভার কথা বিবেচনা করে দলে নেওয়া হয়েছে জেসি রাইডারকে। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি রাইডার। এখন আইপিএলে কিংবা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও লাভ নেই। শিগগিরই নিউজিল্যান্ড দলে নেওয়া হবে না রাইডারকে। রাইডার সর্বশেষ দলে জায়গা হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে, রাতে হোটেল থেকে বেরিয়ে পানশালায় গিয়ে ঝামেলা পাকানোর জন্য। পরে হতাশ হয়ে ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের বিরতি নেন। তবে আইপিএলের ডলারের হাতছানি উপেক্ষা করতে পারেননি। আইপিএল খেলতে গিয়েছেন তাঁর ম্যানেজার ও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়ে। পুনে ওয়ারিয়র্সের হয়ে ৭ ম্যাচে ১২৯.৯৪ স্ট্রাইক রেটে ২১৭ রান করায় জাতীয় দলে ফেরার পথ সুগম হয়েছে বলে ধারণা অনেকের।তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, ‘না, এখনই ওকে ফেরানোর সম্ভাবনা নেই। ও আবার ক্রিকেট খেলতে শুরু করেছে, এটা দারুণ ব্যাপার। তবে নিউজিল্যান্ড দলে জায়গা পাওয়া থেকে ও এখনো অনেক দূরে আছে। নির্বাচক ও নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে ওকে প্রমাণ করতে হবে যে খেলাটার প্রতি যথেষ্ট দায়বদ্ধ। সেটা শুধু মাঠের ভেতরে নয়, বাইরেও। ফিটনেস, আচরণ সব মিলিয়ে অনেক খাটতে হবে ওকে।’ ওয়েবসাইট।