রাইডারের অবস্থার উন্নতি
আলতো করে হাতের বুড়ো আঙুল দেখালেন। যেন জেসি রাইডার মৃত্যুকেই জানিয়ে দিতে চান, এত সহজেই হাল ছেড়ে দেবেন না! কাল হাসপাতালে নিজের পরিবারের সদস্যদের উদ্দেশে এভাবেই বার্তা দিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তিনি ভালো আছেন জানাতে বুড়ো আঙুল উঁচিয়েছেন। আরও একটা সুখবর পেয়েছে রাইডারের পরিবার। পরশু তাঁর ওপর হামলে পড়া সন্ত্রাসীদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাইডারের ম্যানেজার অ্যারন ক্লি জানিয়েছেন, বিছানার পাশে উদ্বিগ্ন পরিবারের সদস্য এবং চিকিত্সকদের উদ্দেশে ‘থাম্বস আপ’ দেখান রাইডার। এখনো অবশ্য তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা উন্নতির দিকে। তবে এখনো শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে কৃত্রিমভাবে। কারণ মস্তিষ্কেই শুধু নয়, রাইডারের ফুসফুসও মারাত্মক জখম হয়েছে। পরে তাঁর মা হিথার ও জীবনসঙ্গিনী অ্যালি সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাইডারের পাশে এসে দাঁড়ানোর জন্য। বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে পুলিশকেও, যারা প্রথম থেকেই দুষ্কৃতকারীদের ধরতে তত্পর।পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এত মানুষ তাঁর জন্য উদ্বিগ্ন, তাঁর খোঁজ নিয়েছে, বিশেষ করে পুরো ক্রিকেট-বিশ্ব, খেলোয়াড়েরা—এটা জানলে জেসি নিশ্চয়ই অনেক খুশি হবে। গত ২৪ ঘণ্টায় অনলাইনে আমরা অজস্র বার্তা পড়েছি। আমরা সেগুলো রেখে দিচ্ছি, যেন সেরে ওঠার পর জেসি এসব পড়তে পারে।’ক্রাইস্টচার্চের এক পানশালার সামনে তাঁর ওপর যে দুজন অজ্ঞাতপরিচয়ধারী হামলা করেছিল, তাঁদের পুলিশ গ্রেপ্তার করেছে। একজনের বয়স ২০, অন্যজনের ৩৭। এরই মধ্যে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশও কাল নিশ্চিত করেছে, এর আগে নেশার ঘোরে রাইডার পানশালাতেই একাধিক মারপিটের ঘটনা ঘটালেও পরশুর নেপথ্য কারণ ‘অ্যালকোহল’ ছিল না। তবে আসল কারণটা কী, তা এখনো জানা যায়নি। এএফপি, রয়টার্স। জেসির জন্য প্রার্থনা করব। জেসির জন্য প্রার্থনা করুন। ও শিগগিরই সুস্থ হয়ে উঠবে।ক্রিস গেইলজেসি রাইডার সম্পর্কে ভয়ংকর এক খবর শুনলাম। শুধু আশা করছি ও যেন এর থেকে বেরিয়ে আসতে পারে। তার আর তার পরিবারের জন্য আমার শুভকামনা রইল।মাইকেল ভনজেসি রাইডার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করছি ও খুব দ্রুত এবং পুরোপুরি সেরে উঠবে।গ্লেন ম্যাকগ্রাজেসি রাইডারের খবর শুনে চমকে গেছি। প্রার্থনা করছি ও যেন দ্রুত এবংপুরোপুরি সেরে ওঠে।গ্রায়েম সোয়ান