রাইডারের ওপর হামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসি রাইডারের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। ২০ বছর বয়সী ওই যুবক গতকাল বৃহস্পতিবার রাইডারের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল গ্রেপ্তার হওয়া যুবককে আদালতে হাজির করা হবে। এদিকে এখন পর্যন্ত জীবন নিয়ে সংশয় কাটেনি জেসি রাইডারের। গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক পানশালার বাইরে নৃশংস আক্রমণের শিকার হন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে গেছে ও ফুসফুসে গুরুতর জখম হয়েছে। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রাইস্টচার্চ হাসপাতালে। মদ্যপান ও পানশালাসংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসর নেন রাইডার। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন। গতকাল কেন্টাবুরিতে মৌসুম সমাপক একটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। ওই ম্যাচে হারের পর ওয়েলিংটন দলের কয়েকজন সতীর্থকে নিয়ে তিনি পানশালায় যান। সেখানেই ঘটে তাঁর ওপর হামলার ঘটনা। অথচ মাত্র কয়েক দিন পর থেকেই আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল জেসি রাইডারের। সেখানে খেলে আড়াই লাখ ডলারেরও বেশি অর্থ পেতেন এই কিউই ব্যাটসম্যান।— রয়টার্স