রাইডারের লঘুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসি রাইডার। ফাইল ছবি
জেসি রাইডার। ফাইল ছবি

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। এ অপরাধে জেসি রাইডার নিষিদ্ধ হতে পারতেন দুই বছরের জন্য। তবে মাত্র ছয় মাসের নিষেধাজ্ঞার মাধ্যমেই পার পেয়ে গেলেন নিউজিলান্ডের এই ব্যাটসম্যান।
আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের ক্রীড়া ট্রাইব্যুনালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শরীরে দুটি নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া যাওয়ায় ১৯ এপ্রিল রাইডারকে প্রাথমিকভাবে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তবে ওই ক্রিকেটারের দাবি, ওজন কমানোর উপাদান হিসেবে সেগুলো নিয়েছিলেন তিনি। পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্য তাঁর ছিল না। রাইডারের এ দাবি মেনে নিয়েছেন ট্রাইব্যুনাল।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ড্রাগ নেওয়ার শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা। তবে কোনো ক্রিকেটার যদি প্রমাণ করতে পারেন যে পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ড্রাগ নেননি, সে ক্ষেত্রে শাস্তি কমার সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল নিশ্চিত হয়েছেন, কেবল ওজন কমানোর উদ্দেশ্যেই নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন রাইডার। তাই তাঁর শাস্তিটা আর বাড়ানো হচ্ছে না। ১৯ অক্টোবর রাইডারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে গত বছর টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান রাইডার। মদ্যপান ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ক্যারিয়ারজুড়েই নানা সমস্যায় ভুগেছেন তিনি। গত ১৮ মার্চ ভোররাতে ক্রাইস্টচার্চে পানশালার বাইরে তাঁর ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া রাইডারকে সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। অচেতন অবস্থায় দুই দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে কাটানোর পর জ্ঞান ফেরে তাঁর।

নিউজিল্যান্ডের ডোপিং বিরোধী সংস্থা জানিয়েছে, পারফরম্যান্স বৃদ্ধির জন্য রাইডার নিষিদ্ধ ড্রাগ নেননি বলে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তা মেনে নিয়েছে তারা।

ক্রিকেটারদের ড্রাগ টেস্টে পজিটিভ হওয়া নতুন নয়। পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ পারফরম্যান্সবর্ধক ড্রাগ নিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। তবে আপিল করার পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান দুজনেই। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ২০০৩ বিশ্বকাপের এক দিন আগে নিষিদ্ধ হয়েছিলেন শেন ওয়ার্ন। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনারকে।