রাইডারের ১৬ ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট, মারপিট, শৃঙ্খলাভঙ্গ—নেতিবাচক কারণেই বেশির ভাগ সময় খবরের শিরোনাম হন। তবে মাঠের বাইরে যেমন, তেমনি ২২ গজে ব্যাট হাতেও অনেকটা বুনো জেসি রাইডার। ‘বল হলো পেটানোর জিনিস’—এই তত্ত্বে বিশ্বাসী।তবে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না মাঠের ভেতরের ‘বুনো’ রাইডারকে। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে আছেন, কিন্তু একাদশে জায়গা পেতে হলে প্রস্তুতি ম্যাচে প্রয়োজন ছিল দারুণ কিছু করার। চ্যালেঞ্জের জবাব দিতে রাইডার বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন! অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনে কাল ১৬টি ছয় মেরেছেন বাঁহাতি ব্যাটসম্যান।ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে কাল আক্রমণাত্মক এক সেঞ্চুরি করেছেন রস টেলরও। ১১ চার ও ৭ ছয়ে ১৭১ বলে ১৩৮। কিন্তু রাইডারের রুদ্রমূর্তির সামনে কিউই অধিনায়ককেও মনে হয়েছে শান্তশিষ্ট! ৪৫ ওভার উইকেটে ছিলেন রাইডার, ১৭৫ করেছেন ১৩৭ বলে। প্রস্তুতি ম্যাচের ক্ষেত্রে বেশির ভাগ সময় যা হয়, ম্যাচটি সেই ড্র-ই হয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪২৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ‘এ’ করেছে ৩৯৫। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৪৬৭ করার পরই ম্যাচ শেষ।প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ১৬ বছর ধরে অ্যান্ড্রু সাইমন্ডসের দখলে। তবে গত মে মাসে অস্ট্রেলীয় অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসিয়েছেন গ্রাহাম নেপিয়ার। সাইমন্ডস-নেপিয়ারের সঙ্গে এবার যোগ হলেন রাইডারও। নেপিয়ারের সঙ্গে আরেকটা মিল আছে রাইডারের। ১৩০ বলে ১৯৬ রানের ইনিংসের পথে গ্যারেথ ব্যাটির এক ওভারে ২৮ রান নিয়েছিলেন নেপিয়ার, রাইডার কাল ২৮ রান নিয়েছেন এড কাওয়ানের এক ওভারে। বোলিং আক্রমণ কিন্তু যথেষ্টই ভালো ছিল, ১৭ টেস্ট খেলা বেন হিলফেনহসের সঙ্গে পেস আক্রমণে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, বেন কাটিং। স্পিন আক্রমণে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট খেলা স্টিভেন স্মিথ ও মাইকেল বিয়ার। কিন্তু রাইডারের দিনে কি আর বোলিং কোনো ব্যাপার! তথ্যসূত্র: ওয়েবসাইট।