রাউলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার পথে লিওনেল মেসি। ছবি: রয়টার্স
চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার পথে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত ৬২টি গোল করেছেন। আর ১০ গোল করলেই ছাড়িয়ে যাবেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউলকে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষায় লিওনেল মেসি।
আর্জেন্টাইন জাদুকর যেভাবে খেলছেন, রাউলকে ছাড়িয়ে যাওয়া তাঁর জন্য শুধুই সময়ের ব্যাপার। এর জন্য আলাদাভাবে লক্ষ্য নির্ধারণের প্রয়োজন পড়ে না। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে সেই ইঙ্গিতও দিয়েছেন। এর পরও রাউলকে ছাড়িয়ে যাওয়ার হাতছানিটা বেশ গুরুত্ব দিয়েই দেখছেন মেসি, ‘রাউলকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতা হওয়া দারুণ চ্যালেঞ্জ। যদিও এটা গুরুত্বপূর্ণ নয়। দলগতভাবে আমাদের আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। নিজেদের সেরাটা খেলতে চাই। আবারও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে চাই।’
আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিক গড়ার সন্তুষ্টির কথাটাও লুকিয়ে রাখেননি চারটি ফিফা ব্যালন ডি-অরজয়ী, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগে আমার গোলসংখ্যা এখন ৬২। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো দল কেমন খেলল। এ মৌসুমে কত বেশি বা কম গোল পেলাম, এটা কম গুরুত্বপূর্ণ।’
এ মৌসুমে বার্সার হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচে অংশ নিয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা গোল করেছেন নয়টি। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৭১ গোল করা রাউল ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন রিয়ালে। এরপর শালকে ০৪ ঘুরে স্প্যানিশ এই তারকা এখন খেলছেন কাতারের ক্লাব আল সাদে। সূত্র: ফিফা ডটকম।