রাউলকে ভুলবে না রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসের শেষ দিকে শুরু হচ্ছে লা লিগা। স্পেনের ফুটবলে এখন তারই আগমনী বার্তা। এর মধ্যেই রিয়াল মাদ্রিদে বেজে উঠল বিদায়ের করুণ রাগিণী। রিয়ালের মাঠে কাল কোনো খেলা ছিল না। সান্তিয়াগো বার্নাব্যুতে তবু জড়ো হয়েছিলেন রিয়ালের সমর্থক, খেলোয়াড় আর কর্মকর্তারা। এই সমাবেশটা ছিল ঘরের ছেলে রাউল গঞ্জালেসকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার। সবাই বললেন, বিদায় রাউল! রিয়াল মাদ্রিদ থেকে ঝরে পড়ল আরও একটি নক্ষত্র। হলো একটি যুগের অবসান। ১৯৯২ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের যুব প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর নাম লেখান রিয়াল মাদ্রিদে। সেই থেকে রিয়াল রাউলের শয়নে-স্বপনে। টানা ১৬ বছর খেলেছেন রিয়ালের জার্সি গায়ে। রিয়াল আর রাউল শব্দ দুটি সমার্থকই হয়ে গেছে। তাঁর নামটাও হয়ে গেছে ‘রাউল মাদ্রিদ’। রাউলের রিয়াল ছেড়ে যাওয়াকে তাই একটি যুগের অবসানই বলতে হয়। এত দিনের বন্ধন ছিন্ন করতে গিয়ে হূদয়ে চোট না লেগে কি পারে! হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের বিদায়ী অভিনন্দনের জবাব দিলেও সংবাদ সম্মেলন কক্ষে বসে মনের মধ্যে ব্যথাটা ঠিকই টের পেলেন রাউল। ঝরল অশ্রু। ভেজা চোখেই বললেন, ‘আমার জন্য সবচেয়ে কঠিন দিন এটা।’ এর আগে দূর থেকেই শ্রদ্ধা জানালেন রিয়ালের ‘পিতা’র মতো সম্মানসূচক সভাপতি আলফ্রেডো ডি স্টেফানোকে। হূদরোগের চিকিৎসার জন্য হাসপাতালে আছেন তিনি।গত দুই-তিন মৌসুম থেকেই রাউলের ফর্মটা পড়তির দিকে। গত মৌসুমে তো শুরুর একাদশে অনিয়মিতই হয়ে পড়েছিলেন। অবসর নেবেন কবে—এমন প্রশ্নও শুনতে হয়েছে। বিনয়ী রাউল তখন যা বলেছেন, কালও সেটাই বললেন, ‘আমি নিজেকে একজন খেলোয়াড় বলেই ভাবি এবং যত দিন পারি এমনটাই ভাবতে চাই। শরীরে যত দিন কুলায় খেলে যেতে চাই।’সেই খেলাটা এখন হবে ভিনদেশে, জার্মানি অথবা ইংল্যান্ড। কিছুদিন ধরেই জার্মানির ক্লাব শালকে জিরো ফোরে তাঁর যাওয়ার ব্যাপারটি খুব আলোচিত হচ্ছে। কিন্তু রাউল যা বললেন তাতে কিছুই নিশ্চিত হয়নি এখনো, ‘বিদেশে খেলার অভিজ্ঞতা অর্জনের একটা সুযোগ এটা। শালকে আগ্রহ দেখিয়েছে। অন্য অনেক ক্লাবও আছে এই দলে। আমার ভবিষ্যৎ হয়তো জার্মানি বা ইংল্যান্ডেই পড়ে আছে।’রিয়াল ছাড়া অন্য কোথাও খেলবেন, এটা কখনো ভাবতেনই না রাউল। অথচ খেলোয়াড়ি জীবনের শেষে এসে পাল্টে গেল চিত্রনাট্য। এমন কেন হলো? রাউল বললেন নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার কথা, ‘অনেক ভালো খেলোয়াড় আসছে। আমার মনে হয়েছে, এবার আমার শেষ করার পালা।’যে কারণেই রিয়াল ছাড়ুন, যেখানেই যান; রাউল রিয়াল মাদ্রিদের মানুষের হূদয়ে থাকবেন চিরকাল। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজই যেন বলে দিলেন সবার মনের কথা, ‘আমরা রাউলকে কোনো দিনও ভুলব না।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।