রাউলকে মনে করাচ্ছেন হেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউল গঞ্জালেস
রাউল গঞ্জালেস

২৯ অক্টোবর, ১৯৯৪। রিয়াল জারাগোজার বিপক্ষে অভিষেকেই ১৭ বছরের এক স্ট্রাইকার গোল না পেলেও সতীর্থ ইভান জামোরানোকে দিয়ে একটি গোল করিয়েছিলেন। কে জানত, সেই তরুণ ও রিয়াল মাদ্রিদ নাম দুটি একদিন প্রায় সমার্থক হয়ে যাবে! মাদ্রিদের সর্বকালের সেরাদের একজন হিসেবেই নিজেকে চিনিয়েছেন রাউল গঞ্জালেস।
হেসে রদ্রিগেজকে নিয়ে এখনই এমন কিছু বলাটা ভীষণ বাড়াবাড়ি হয়ে যাবে। তবে রাউলের সঙ্গে হেসের একটা তুলনা চলে আসছেই। রাউলের পর মাদ্রিদ একাডেমির কোনো স্ট্রাইকার অভিষেক মৌসুমে এত আলো আর ছড়াতে পারেননি। প্রথম মৌসুমে রাউল করেছিলেন ১০ গোল। হেসের হয়ে গেছে ৮টি। কে জানে, রাউলকে হয়তো ছাড়িয়েই যাবেন। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, ‘হেসে রদ্রিগেজ এখন আর কোনো চমক নয়। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হয়ে উঠেছে।’

হেসে রদ্রিগেজ
হেসে রদ্রিগেজ

ম্যাচের আগে একটা চাপ ছিলই। আগের দিন বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে। প্রতিদ্বন্দ্বীদের ধরতে হলে জিততেই হতো রিয়ালকে। কিন্তু গেটাফেকে ৩-০ গোলে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা বুঝতেই দেননি হেসেরা। ৫ মিনিটেই হেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। ২৭ মিনিটে বেনজেমা ও ৬৬ মিনিটে মডরিচের গোলে নিশ্চিত হয়ে যায় বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো তিন দলই ৬০ পয়েন্ট নিয়ে থাকছে সমতায়। গত ১৩ ম্যাচের ১১টিতে গোল খায়নি রিয়াল। এটিই বেশি আপ্লুত করছে আনচেলত্তিকে, ‘রক্ষণের দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে আমাদের কিছু সমস্যা ছিল, কিন্তু এখন আমরা অনেক বেশি দৃঢ়, অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা আমাদের খেলাটাই খেলছি।’ আনচেলত্তির নিজের জন্যও ম্যাচটার অন্য একটা গুরুত্ব ছিল। এই ম্যাচেই রিয়ালের দায়িত্বে ১০০ গোল হয়ে গেছে ইতালিয়ান কোচের, সেটিও মাত্র ৩৮ ম্যাচে।
স্পেনে জমাট তিন ঘোড়ার দৌড়, কিন্তু ইতালিয়ান লিগটা একদমই একপেশে। পরশু শিয়েভোকে ৩-১ গোলে হারানোর পর শীর্ষে জুভেন্টাসের অগ্রগামিতা ৯ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রোমা পরশু সাম্পদোরিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। সাসসুওলোকে ২-০ গোলে হারিয়ে তিনে আছে নাপোলি। এএফপি।