রাউলের ‘৪০০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরবে-নিভৃতে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন রাউল গঞ্জালেস। পরশু জার্মান বুন্দেসলিগায় ভলফসবুর্গের বিপক্ষে তাঁর দল শালকে জিরো ফোরের ৪-০ গোলের জয়ে রাউল করেছেন প্রথম গোলটি। পেশাদার ক্যারিয়ারে এটা তাঁর ‘৪০০তম’ গোল। ২০১০ সালে রিয়াল মাদ্রিদ থেকে রাউলকে শালকেতে নিয়ে আসেন ফেলিক্স ম্যাগাথ। সেই ম্যাগাথ এখন ভলফসবুর্গের কোচ। এক অর্থে তাই শালকের মাঠে আসাটা ছিল ম্যাগাথের জন্য প্রত্যাবর্তন। কিন্তু তাঁর এই ফেরাটা হলো হতাশার। খেলার ১০ মিনিটেই সাবেক গুরুকে হতাশায় ডুবিয়ে দলকে এগিয়ে দেন রাউল। ডাচ স্ট্রাইকার ক্লাস-ইয়ান হান্টেলার করেন জোড়া গোল। শালকের অন্য গোলটি জোয়েল ম্যাটিপের। ম্যাচ শেষে রাউল ছিলেন উচ্ছ্বসিত, ‘আমি জানতামই না এটা আমার ৪০০তম গোল। তবে আমি খুশি। এমন একটা মাইলফলকে পৌঁছাতে পারাটা দুর্দান্ত।’ এক সময় রিয়ালের সমার্থক হয়ে যাওয়া রাউল মাদ্রিদের ক্লাবটির হয়ে করেছেন ৩২৮ গোল। ৪৪টি গোল করেছেন স্পেন জাতীয় দলের জার্সি গায়ে। বাকি ৩৩টি গোল শালকের হয়ে। রয়টার্স।