রাউসিসের পর টিভিয়াকভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগেও দুবার বাংলাদেশে এসেছেন। খেলোয়াড় হিসেবে। এবার নতুন পরিচয়ে ঢাকায় সার্গেই টিভিয়াকভ। ডাচ গ্র্যান্ডমাস্টার এবার নিয়াজ, জিয়াউর, রাকিবদের শিক্ষক। পরশু ঢাকায় এসে কাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন দাবার নতুন কোচ।

অনেক দিন ধরেই দাবায় বিদেশি কোচ নেই। সর্বশেষ ২০০৭ সালে এসেছিলেন লাটভিয়ার ইগর রাউসিস। তিনি যাওয়ার পর থেকেই কোচের জন্য চলছে হা-পিত্যেশ। শেষ পর্যন্ত ফেডারেশন এক মাসের জন্য হলেও একজন কোচ আনতে পেরেছে। আগস্টে নরওয়েতে অনুষ্ঠেয় দাবা অলিম্পিয়াডকে সামনে রেখেই এমন উদ্যোগ। টিভিয়াকভ নিজেও অলিম্পিয়াডে খেলবেন হল্যান্ডের হয়ে। এ জন্যই এক মাসের বেশি সময় দিতে পারছেন না। কাল বিওএ মিলনায়তনে দাবাড়ুদের সঙ্গে পরিচিতিপর্ব শেষে টিভিয়াকভ শোনালেন আশার বাণী, ‘নিয়াজ-জিয়াদের সঙ্গে আমি খেলেছি। নিয়াজকে তো ১৯৯৯ সাল থেকেই চিনি। অন্যরাও সম্ভাবনাময়। তবে এদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। ওদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ এক মাস যে পর্যাপ্ত সময় নয় সেটা মানছেন টিভিয়াকভও, ‘জানি এক মাস সময় কোনো দলের জন্যই যথেষ্ট নয়। কিন্তু এ নিয়ে ভেবে লাভ নেই। অবশ্যই এখান থেকেও উন্নতি করা সম্ভব। শুধু এটুকু বলতে পারি যে এটা বাংলাদেশের দাবার উন্নতির জন্য প্রথম ছোট একটি ধাপ।’

টিভিয়াকভের কাছ থেকে নতুন কিছু শেখার জন্য উন্মুখ গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন রাকিবের কথা, ‘আরও আগেই এমন কোচের অধীনে অনুশীলন শুরু করা উচিত ছিল। গতবার তো কোনো কোচই ছিল না। তবুও সাফল্য পেয়েছিলাম। এবার যেহেতু অভিজ্ঞ একজন কোচ পেয়েছি আশা করি আরও ভালো করব।’ সঙ্গে যোগ করলেন, ‘নিজে গ্র্যান্ডমাস্টার হলেও শুরুতেই তাঁর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা সবাই নতুন করে শিখতে চাই।’