রাওনিচ ও কন্টার প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরও অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন। বিদায় নিয়েছিলেন বাছাইপর্বেই। তাই এবার এসেছিলেন পণ করে—ভালো কিছু করতে হবে! তবে জোহানা কন্টা যা করলেন সেটি বোধ হয় তাঁর স্বপ্নকেও ছাড়িয়ে গেল। গত ৩০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে উঠে গেলেন একটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। কন্টার আগে সর্বশেষ ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলেছিলেন জো ডুরি, ১৯৮৩ সালে।
অস্ট্রেলিয়ান ওপেনে নিজের স্বপ্নদৌড়কে নতুন বাঁকে নিতে ২৪ বছর বয়সী কন্টা থামিয়ে দিয়েছেন এশীয় খেলোয়াড়, চীনের ঝ্যাং সুয়াইয়ের স্বপ্নযাত্রা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে খেলা সুয়াইকে হারিয়েছেন ৬-৪, ৬-১ গেমে। সেমিফাইনালে কন্টার প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কেরবার। স্টেফি গ্রাফকে আদর্শ মেনে বড় হয়ে ওঠা জার্মানির কেরবার শেষ আটে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন টেনিসের সাবেক ১ নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।
পুরুষ বিভাগে কাল গায়েল মনফিলসকে হারিয়ে একটা জায়গায় ‘প্রথম’ হয়ে গেছেন কানাডার মিলোস রাওনিচ। দেশের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে উঠে এলেন কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ চারে তাঁর প্রতিপক্ষ অ্যান্ডি মারে। ব্রিটিশ মারে কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৭(৫/৭), ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে। একই টুর্নামেন্টের মহিলা ও পুরুষ দুই বিভাগের শেষ চারে মারে ও কন্টার উঠে আসা গ্রেট ব্রিটেনের টেনিস অগ্রযাত্রারই সূচক। গত বছর ডেভিড কাপ জেতা গ্রেট ব্রিটেনের পক্ষ গ্র্যান্ড স্লামের একই টুর্নামেন্টের শেষ চারে পুরুষ ও মহিলা প্রতিযোগী খেলেছিলেন ১৯৭৭ সালে। এই অস্ট্রেলিয়ান ওপেনেই সেবার শেষ চারে ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিলেন জন লয়েড ও সু বার্কার। এএফপি, রয়টার্স, টেনিসডটকম।