রাগবি থেকে প্রেরণা নিচ্ছেন টেন্ডুলকার ?

দুদিন আগে নিজের ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছেন। রিও ডি জেনিরোর প্রতীক ক্রাইস্ট দ্য রিডিমারের সামনে দুই হাত ছড়িয়ে পোজ দিচ্ছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট কিংবদন্তি যে রিও অলিম্পিকের উৎসবে যোগ দিয়েছেন, সেটা তো বোঝাই গেছে। কিন্তু টেন্ডুলকারের অলিম্পিক-ভ্রমণ কি শুধুই দেশকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, নাকি ক্রিকেটের দূতিয়ালিও করবেন?
প্রশ্নটা উঠে যাচ্ছে কাল শনিবারের একটা ঘটনায়। ১৯২৪ সালের পর অলিম্পিকে আবার ফিরেছে রাগবি। সেই রাগবি মাঠেই কাল দেখা গেছে টেন্ডুলকারকে। কিন্তু এই খেলায় তো ভারত নেই, টেন্ডুলকার কি শুধুই দর্শক হিসেবে গিয়েছেন? বিশ্ব রাগবির প্রধান নির্বাহী ব্রেট গসপারের কথা কিন্তু একটু অন্য রকম ইঙ্গিত দিচ্ছে।
ব্রেট গসপারের বাবা কেভান গসপার একসময় আইওসির সহসভাপতি ছিলেন। টেন্ডুলকারের সঙ্গে তিনিও কাল ছিলেন রাগবি মাঠে। অলিম্পিকে ক্রিকেটের সম্ভাবনা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই দৌড়বিদও, ‘ক্রিকেট অলিম্পিকের জন্যও ভালো হবে। ভারতের দর্শকেরা অলিম্পিকে আরও আকৃষ্ট হবে, তাদের সংখ্যাও কম নয়!’
রাগবির সঙ্গে এবার অলিম্পিকে ফিরেছে গলফ। ২০২০ টোকিও অলিম্পিকে থাকছে বেসবল ও সফটবলও। কিন্তু ক্রিকেট এখনো অনুপস্থিত। টেন্ডুলকার কি ক্রিকেটকে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে ফিরিয়ে আনতে রিওতে পা রেখেছেন? গসপারের কথায় সেই ইঙ্গিত কিছুটা পাওয়া যাচ্ছে, ‘শচীন আমাদের এখানে পুরো একটা সেশন ছিল। সে খেলাটা উপভোগও করেছে। কীভাবে রাগবি অলিম্পিকে এল, সেটাও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছে। খুব সম্ভবত ক্রিকেটে কীভাবে তা কাজে লাগানো যায়, সেটিও ভাবছে। ক্রিকেটকে যদি রাগবির মতো নিজস্ব বলয় থেকে বের করতে হয়, সেটির জন্য অলিম্পিকের চেয়ে ভালো উপলক্ষ আর হয় না।’
ক্রিকেট নিজস্ব বলয়ে আটকে থাকার জন্য দায় আছে আইসিসিরও। এমনিতে সারা বছরের ঠাসা সূচি, তার ওপর বোর্ডগুলো প্রচারস্বত্ব নিজেদের কাছে রাখতে চাওয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও অলিম্পিকে ক্রিকেট ফেরাতে খুব একটা আগ্রহ দেখায়নি। তবে আইসিসি এখন ২০২৪ অলিম্পিকে ক্রিকেট রাখার চেষ্টা করছে। টি-টোয়েন্টি সংস্করণকে মাথায় রেখে আইওসির কাছে একটা পরিকল্পনার খসড়াও আগামী বছর পাঠানোর কথা। অলিম্পিকে শুধু একবারই ক্রিকেট ছিল, সেটিও সেই ১৯০০ সালে। টেন্ডুলকার নিশ্চয়ই চাইবেন অলিম্পিকে ক্রিকেট ফিরিয়ে আনতে তাঁর ব্যক্তিগত ভূমিকা রাখতে।
রয়টার্স।