রাগবির কাছে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চোকার’ শব্দটা শুনতে শুনতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্যক্তবিরক্তই হয়ে যাওয়ার কথা। যেকোনো বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর অবধারিতভাবেই প্রোটিয়াদের একবার করে মনে করিয়ে দেওয়া হয়, তারা ‘চোক’ করেছে। কিন্তু বারবার এমন ব্যর্থতা? দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ব্যর্থতা অনুসন্ধানে চারজনের যে কমিটি গঠন করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকার রাগবি দলের অধিনায়ক ফ্রাঁসোয়া পিয়েনার।
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার রাগবি দলকে অবিশ্বাস্যভাবে বিশ্বকাপে শিরোপা জিতিয়েছিলেন পিয়েনার। জোহানেসবার্গে নিউজিল্যান্ডের সঙ্গে ওই ফাইনালে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। ওই ম্যাচে পিয়েনারেরই জার্সি পরেছিলেন ‘মাদিবা’। পরে তো ওই জয় নিয়ে হলিউড পরিচালক ক্লিন্ট ইস্টউড ইনভিকটাস নামে একটা ছবিই বানিয়েছেন।
ডি ভিলিয়ার্সদের বারবার চাপের মুখে ভেঙে পড়ার কারণ অনুসন্ধানের জন্য এই পিয়েনারের সাহায্য নিচ্ছে দক্ষিণ আফ্রিকা বোর্ড (সিএসএ)। কারণ অনুসন্ধান কমিটির অন্য তিনজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক আলী ব্যাখার, ক্রীড়া মনোবিদ রস টাকার ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মানবসম্পদবিষয়ক নির্বাহী ডন মখোবো। এএফপি।