রাগবির দেশে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া ম্যানেজার মাইকেল হেনস্টক মহাব্যস্ত। ‘ভেবেছিলাম, টেস্ট ম্যাচের সময়টা একটু রিলাক্সড থাকব। উল্টো আরও শ্বাস ফেলার সময় নেই।’কী নিয়ে এত ব্যস্ততা? অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নিয়ে! ব্র্যাড হাডিনের টেলিকনফারেন্সের ব্যাপারটা মাত্রই চূড়ান্ত করে এলেন। এখন আরও কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাক্ষাত্কারের ব্যবস্থা করতে হবে। কেন, নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া ম্যানেজার অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সাক্ষাত্কার নিয়ে পড়লেন কেন?কারণ আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে মানুষের মনে একটু আগ্রহ তৈরি করতে হবে। সেজন্য পত্রপত্রিকায় বিল্ডআপ দরকার। হাডিনের সাক্ষাত্কারটা আগামী রোববারের পত্রিকাগুলোর জন্য। তিনি সবকিছু করে দেবেন, পত্রিকাগুলো ছাপবে। বাহ্, মজার ব্যাপার তো!মাইকেল হেনস্টককে এটা করতে হচ্ছে, কারণ অস্ট্রেলিয়ার মতো হাইপ্রোফাইল সিরিজ বিকোতেও রাগবির সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটকে। সচরাচর এপ্রিলে শুরু হওয়া রাগবি মৌসুম এবার আগেই শুরু হয়ে গিয়ে ক্রিকেট-কর্তাদের কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ১৪টি ফ্র্যাঞ্চাইজি টিমকে নিয়ে গত সপ্তাহে শুরু সুপার ফোরটিন রাগবি নিয়েই নিউজিল্যান্ড এখন মাতোয়ারা।এ দেশে সব খেলার জাতীয় দলেরই আলাদা একটা নাম আছে। ক্রিকেট দল যেমন ব্ল্যাক ক্যাপস্, রাগবি অল ব্ল্যাকস্। রাগবি দলের নামটা প্রতীকীই ধরতে পারেন। ভারতে যেমন ক্রিকেট, নিউজিল্যান্ডে তেমনি রাগবি। এখানে আসলেই ‘অল’ ব্ল্যাকস্। ডানেডিন থেকে একই ফ্লাইটে নিউজিল্যান্ডের পেসার অ্যান্ডি ম্যাকাইয়ের সঙ্গে এলাম। ‘তুমি তো এখন বড় স্টার’—বলায় ম্যাকাই হেসে বললেন, ‘স্টার? এই যে এতক্ষণ এখানে আছি, আমাকে কেউ চিনলই না। অল ব্ল্যাকসের কেউ হলে দেখতে ভিড় জমে যেত।’নিউজিল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদেরও তাই নির্ভেজাল ক্রিকেট সাংবাদিক হওয়া কঠিন। ক্রিকেটের সময় ক্রিকেট ঠিক আছে, কিন্তু রাগবিটাও করতে হয়। যেমন করেছেন ডন ক্যামেরন। নিউজিল্যান্ডের প্রেসবক্সেই নিউজিল্যান্ডরা সংখ্যালঘু। সংক্ষিপ্ত এই সফরে বাংলাদেশ থেকে তুলনামূলক কম সাংবাদিক আসার পরও সংখ্যাটা ছয়। সব প্রেসবক্সেই নিউজিল্যান্ডের সাংবাদিক-সংখ্যা এর চেয়ে কম থাকল! ক্যামেরনেরও চোখে পড়েছে ব্যাপারটা, ‘গতবারও দেখলাম বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক! তোমরা অনেক লাকি। আমাদের পত্রিকাগুলো সেভাবে বাইরে লোক পাঠায় না। জনসংখ্যা কম, পত্রিকার সার্কুলেশনও কম, কীভাবে পাঠাবে?’৭৭ বছরের বুড়ো অবশ্য ক্যারিয়ারে কম ঘোরেননি। ১৯৫০ সালে ১৭ বছর বয়সে নিউজিল্যান্ড হেরাল্ডে যোগ দিয়েছিলেন। ৪৮ বছর ক্রিকেট আর রাগবি কাভার করে অবসর নিয়েছেন ১৯৯৮ সালে। এর পর থেকে ফ্রিল্যান্স। এই টেস্টটা যেমন কাভার করছেন উইজডেনের জন্য। প্রথম টেস্ট কাভার করেছিলেন ১৯৫১ সালে। কর্মজীবনে ১৭৫টির মতো টেস্ট ম্যাচ কাভার করেছেন। অবসর নেওয়ার পরও ২৫-৩০টি যোগ করলে সংখ্যাটা ২০০ পেরিয়ে গেছে। রাগবি করেছেন আরও বেশি। নিউজিল্যান্ডের ক্রিকেট লেখকদের মধ্যে যেমন সবচেয়ে সম্মানিত, রাগবিতে বোধহয় আরও বেশি। রাগবির ‘হল অব ফেম’-এ কে ঢুকবে না-ঢুকবে, এটি নির্বাচনের জন্য যে ছয় সদস্যের কমিটি আছে, সেটির সদস্য।কেমন ছিল সেই পঞ্চাশ-ষাট দশকের ক্রিকেট সাংবাদিকতা? ক্যামেরনের জড়িয়ে যাওয়া কথা বুঝতে সমস্যা হয়। নাকি সেই সময়টাই আমার কাছে অবোধ্য বলে! টেলেক্স আসার পর সংবাদ পাঠানোয় কেমন বিপ্লব হয়ে গিয়েছিল, সেটি যখন সবিস্তারে বলেন, কিছু বুঝি কিছু বুঝি না। সবিস্তারে বলেন, টেলেক্সের আসার আগে হাতে লেখা কপি অপারেটরকে দিতে হতো, তিনি সেটা মোর্স কোডে রূপান্তরিত করে পাঠানোর ব্যবস্থা করতেন। কীভাবে কী হতো, কাঁপা কাঁপা হাতে কাগজ নিয়ে সেটি বোঝাতে চেষ্টা করেন ক্যামেরন। কীভাবে বুঝব? ইন্টারনেটের এই যুগে এসে এক সময় ফ্যাক্সে নিউজ পাঠাতাম—এটাই যেখানে অবাস্তব লাগে, ক্যামেরনের ওই সময়টা তো সেপিয়া টোনের ছবি!যেমন সেপিয়া টোনের ছবি সাংবাদিকদের দলের অংশ হয়ে যাওয়া। এক বাসে যাতায়াত, একসঙ্গে খাওয়া, ইচ্ছেমতো ড্রেসিংরুমে ঢুকে পড়া—এখন যা কল্পনাও করা যায় না। ক্যামেরন হেসে বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দল নিজেদের স্বার্থেই সাংবাদিকদের আরও বেশি আদরযত্ন করত। নইলে যে রাগবির তুলনায় প্রচার পাবে না।’একটা জিনিস তাহলে বদলায়নি। নিউজিল্যান্ড তখনো রাগবির দেশ ছিল, এখনো তা-ই আছে।