রাগী শিক্ষক এখন প্রিয় গুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের মধ্যে ওয়েইন রুনি, বাইরে ফ্যাবিও ক্যাপেলো—ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্যের দুই রূপকার। কোনো জায়গাতেই তারকা ফুটবলারের অভাব নেই, তার পরও ৪৪ বছর পর আরেকটি বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসার নাম রুনিই। আর রুনির ভেতর থেকে আসল রুনিকে বের করে আনার অনেকটা কৃতিত্ব প্রাপ্য ক্যাপেলোর।ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিভার সঙ্গে তাল মেলাতে না পারা রুনি জাতীয় দলে প্রস্ফুটিত হয়েছেন তো ক্যাপেলোর কোচিংয়েই। প্রতিভাবান কিন্তু রগচটা তরুণ এখন ধারাবাহিক পারফরমার, ক্যাপেলোর প্রিয় শিষ্য। দুজনের চমত্কার রসায়নই তো ইংলিশদের বিশ্বকাপ-স্বপ্নের পালে দিয়েছে জোর হাওয়া। অথচ এই ক্যাপেলোকেই কি না শুরুতে প্রচণ্ড ভয় পেতেন রুনি!‘প্রথম প্রথম তো ক্যাপেলোকে আমার ভীষণ ভয় করত’—রোববার বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে রুনির কথা। তা অবশ্য লাগারই কথা। চশমাধারী ক্যাপেলোকে এক নজরে দেখলে যতটা না ফুটবল কোচ মনে হয়, তার চেয়ে বেশি মনে হয় এক রাগী স্কুলশিক্ষক। তবে দর্শনে নয়, রুনি ভয় পেয়েছিলেন ক্যাপেলোর কর্মকাণ্ডে, ‘এটা ছিল রীতিমতো ক্ষ্যাপাটে ব্যাপার-স্যাপার। দেখা যেত ট্রেনিংয়ে তিন সেকেন্ড পরপরই তিনি আমাদের থামিয়ে দিচ্ছেন, পজিশন কোথায় হওয়া উচিত দেখিয়ে দিচ্ছেন। শুধু দেখিয়েই দিতেন না, টেনে ধরে পজিশনে নিয়ে যেতেন। সত্যিই খুব ভয় লাগত।’তবে সেসবই এখন অতীত। সময়ের পরিক্রমায় সেই ভয় এখন রূপ নিয়েছে শ্রদ্ধা আর বিশ্বাসে, ‘তিনি সবকিছুই আমূল পাল্টে দিয়েছেন। ট্রেনিংয়ে আমরা কী ভুল করছি, এটা নিজে চোখে দেখাটা খুব জরুরি। ক্যাপেলো সবকিছুই ভিডিও করেন। একবার গ্লেন জনসনের একটি থ্রো-ইন পছন্দ না হওয়ায় কতবার যে রেকর্ড দেখিয়েছেন! এখনো পর্যন্ত তিনি অসাধারণ কাজ করেছেন, তাঁকে পেয়ে আমরা খুবই খুশি।’ কথা প্রসঙ্গে এসেছে সাবেক গুরুর কথাও। গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যানেজার সভেন গোরান এরিকসন সম্পর্কে রুনির অভিমত, ‘সভেন এত নির্ভার থাকতেন, খুব অদ্ভুত লাগত! আমাদেরই উদ্যোগী হয়ে তাঁর সঙ্গে কথা বলতে হতো। তবে তিনিও খারাপ ছিলেন না, আমাদের দুটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন।’তবে ওই ‘খারাপ ছিলেন না’ আর ‘খুব ভালোর’ মধ্যে ব্যবধান তো অনেক। কোয়ার্টার ফাইনাল নয়, রুনিদের স্বপ্নও তাই এবার শিরোপা। ক্যাপেলো-রুনি জুটি জ্বলে উঠলে খুবই সম্ভব বলে ভাবার লোক এখন অনেক! ওয়েবসাইট।