রাজকীয় দুই সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নাচলেন স্নাইডার-রোবেনরা, গ্যালারিতে যুবরাজ আলেকজান্ডার, যুবরাজ্ঞী ম্যাক্সিমা। পরশু টিভিতে খেলা দেখে থাকলে নিশ্চয়ই আপনার নজর কেড়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কমলা গ্যালারির উৎসবের নেতৃত্ব দিয়ে যাওয়া এই দম্পতিকে। আলেকজান্ডার-ম্যাক্সিমা গত বিশ্বকাপের মতো এবারও এসেছেন হল্যান্ডকে সমর্থন জানাতে। হল্যান্ডের রাজপুত্র বরাবরই ফুটবলের ভক্ত। ম্যাক্সিমার নিঃশ্বাসেও মিশে আছে ফুটবল, এখন হল্যান্ডের ভাবী মহারানি হলেও ম্যাক্সিমার জন্মও তো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায়!দুই দেশের এই দুই বাসিন্দা একই ছাদের নিচে এসেছেন ২০০২ সালে। দুজনের পরিচয় অবশ্য আরও আগে, ১৯৯৯ সালে স্পেনের সেভিয়ার বসন্ত উৎসবে। প্রথম পরিচয়ে আলেকজান্ডার অবশ্য নিজের রাজপুত্র পরিচয় গোপন করেছিলেন। প্রথম দেখাতেই দানা বাঁধে প্রেম। সেটি আরও গাঢ় হলে পরে নিজের আসল পরিচয় ম্যাক্সিমাকে জানান আলেকজান্ডার। শুনে নাকি ম্যাক্সিমা হেসেই খুন! ভেবেছিলেন, আলেকজান্ডার তাঁর সঙ্গে ঠাট্টা করছেন।শুনতে অনেকটা গল্প-উপন্যাসের মতো লাগছে? সার্থক প্রেমের আর দশটা চিরায়ত গল্পের মতোই ম্যাক্সিমা-আলেকজান্ডারের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াল সমাজ, রীতিনীতি। ম্যাক্সিমা নিজে কিন্তু সাধারণ পরিবারের মেয়ে নন। তাঁর বাবা ছিলেন আর্জেন্টিনার কৃষিমন্ত্রী। প্রথম সমস্যা বাধল সেখানেই। আর্জেন্টাইন স্বৈরশাসকের মন্ত্রিসভার একজন সদস্যের সঙ্গে পুত্রের বিয়ে কীভাবে দেয় ডাচ রাজপরিবার? ১৯৭৮ সালে খোদ ইয়োহান ক্রুইফই স্বৈরশাসক আর তাঁর আগ্রাসনের প্রতিবাদে বয়কট করেছিলেন সেবারের বিশ্বকাপ।সেই বাধাও একসময় পেরোলেন। এবার বাধা হলো ধর্ম। রোমান ক্যাথলিক ম্যাক্সিমাকে বিয়ে করার কারণে ‘ব্রিটিশ অ্যাক্ট অব সেটলমেন্ট’ অনুযায়ী ব্রিটিশ সিংহাসনের দাবিও ছেড়ে দিতে হলো তাঁকে!তাতে আলেকজান্ডার বিন্দুমাত্র আক্ষেপ করেন না। ম্যাক্সিমা আর তিন মেয়ে অ্যামালিয়া, অ্যালিক্সিয়া আর অ্যারিয়ানেকে নিয়ে তাঁদের সুখের সংসার। এবার বিশ্বকাপে এসেছেন তিন মেয়েকে সঙ্গে নিয়েই। দেবশিশুর মতো ফুটফুটে তিন মেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ভুভুজেলার ওপর তাদের আকর্ষণের খবরও হয়তো এরই মধ্যে জেনে গেছেন আপনারা।ম্যাক্সিমা-আলেকজান্ডারও ভীষণ খুশি। পরশু সেমিফাইনাল শেষে দুজনই গিয়েছিলেন ড্রেসিংরুমে। খেলোয়াড়দের অভিনন্দিত করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন, জানিয়েছেন শুভকামনাও। ৩২ বছর পর হল্যান্ডের ফাইনাল উত্তরণে তো প্রত্যক্ষদর্শী হলেন। কে জানে, প্রথমবারের মতো ডাচদের হাতে সোনালি ট্রফিটা ওঠার সাক্ষীও হয়ে যান কিনা তাঁরা!