জাতীয় দলের আশপাশে রাজ্জাক এমন একটা সময় উঁকি দিচ্ছিল, যখন আমাদের মোহাম্মদ রফিকের মতো প্রতিষ্ঠিত বাঁহাতি স্পিনার আছে। উঠতি স্পিনার হিসেবে চলে এসেছে এনামুল জুনিয়রও। ফলে আরেকজন বাঁহাতি স্পিনারের জাতীয় দলে জায়গা করে নেওয়া ছিল খুবই কঠিন। বিশেষ করে, এনাম তো জিম্বাবুয়ের বিপক্ষে সেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দারুণ বোলিং করে জায়গাটা একরকম পাকাই করে ফেলেছিল।ওই সময় রাজ্জাকও কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিল। তখনকার কোচ ডেভ হোয়াটমোর, অধিনায়ক হিসেবে আমি আর টিম ম্যানেজমেন্ট রাজ্জাককে কাছ থেকে দেখার সিদ্ধান্ত নিই। নেটে ওকে ডাকা হয়। ওকে ভালোভাবে কাছ থেকে দেখেছি সেই প্রথম। এবং বলতে পারেন, প্রথম দর্শনেই ‘প্রেম’।শুধু আমি নই, সেদিন নেটে রাজ সবাইকে মুগ্ধ করেছিল। নেটে ও সবাইকেই ঝামেলায় ফেলছিল। মনে আছে, ওর ফ্লিপারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমার জন্যও সহজ ছিল না। দ্রুতই জাতীয় দলে অভিষেক হয় রাজ্জাকের।ওয়ানডেতে ওর অভিষেক ২০০৪ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে। ৯ ওভার বোলিং করে ২ মেডেন, ১৭ রান দিয়ে ৩ উইকেট। ইকোনমি রেট ১.৮৮! অভিষেকেই কী বোলিং!এরপর অন্তত ওয়ানডেতে রাজ্জাককে পেছনে ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক হিসেবে আমার কাছে সবচেয়ে ভরসার নাম হয়ে উঠেছিল রাজ্জাক। ওর হাতে বল তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম।তখনো পাওয়ার প্লে শুরু হয়নি। তবে প্রথম ১৫ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতা ছিল। ওই ১৫ ওভারের মধ্যে রাজ্জাককে ব্যবহার করেছি আমি। যেদিন আমাদের পেসাররা শুরুতে মার খেত, আমি ওর হাতে বল তুলে দিয়ে বলেছি, ‘কিছু একটা করো।’ জবাবে ওর হাসি আমাকে বলে দিয়েছে, ‘টেনশন করবেন না!’রাজ্জাককে আমি ওপেনিং বোলার হিসেবেও ব্যবহার করেছি। সেটা ২০০৪ এশিয়া কাপেই। মূলত হংকংয়ের সঙ্গে সেদিনের ওই পারফরম্যান্স, পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট—এটাই আমাকে সাহস দিয়েছিল টেন্ডুলকার-সৌরভের সামনে ওকে নামিয়ে দিতে। এমনিতে বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বাঁহাতি স্পিনাররা কম সুবিধা পায়। তার ওপর সৌরভ তখন নিজের সেরা ফর্মে। তার পরও কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল রাজ্জাক। সত্যি বলতে কি, রাজ্জাকের সেদিনের বোলিংটার কথাই আমার সবচেয়ে বেশি মনে পড়ে।যেমনটা বলছিলাম, শুরুর পর রাজ্জাককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি জানি, ও অনেক সংগ্রাম করে আজকের এই অবস্থানে উঠে এসেছে। এ কারণেই ও কোনো দিন কোনো চ্যালেঞ্জ নিতে পিছপা হয়নি। এ কারণেই ওর বোলিং অ্যাকশন নিয়ে যখন প্রশ্ন উঠল, তখনো ওকে মানসিকভাবে একটুও ভেঙে পড়তে দেখিনি।আমার তো মনে হয়, অ্যাকশন শোধরানোটা ওর শাপেবরই হয়েছে। ওর বোলিংয়ে বৈচিত্র্য এসেছে। আগে ওর ফ্লাইট ভালো ছিল না। এখন ফ্লাইট, টার্ন সবই নিখুঁত হয়েছে। ২০০৭ বিশ্বকাপে আমাদের সাফল্যের অন্যতম কারিগরও ছিল ও। ভারতের বিপক্ষে জয়টায় মাশরাফি নায়ক ছিল। রাসেল-রফিকও ভালো বোলিং করেছে। আমি রাজ্জাকের কথাও বলব। সেদিন ৩৮ রানে ৩ উইকেট নিয়েছিল। এর মধ্যে টেন্ডুলকার আর যুবরাজের মহাগুরুত্বপূর্ণ দুটি উইকেটও ছিল।জাতীয় লিগে আমরা খুলনা দলের হয়ে খেলতাম। যার ফলে ওর সঙ্গে ঘনিষ্ঠতাটা আরও বাড়ে। রাজ্জাকের মধ্যে অদ্ভুত একটা সারল্য আছে। এই সারল্য সবকিছু সহজ করে দেখার মানসিকতার দিক দিয়েও। ২০০৭ বিশ্বকাপে আমাদের ত্রিপাণ্ডবের (মাশরাফি-রাসেল-রাজ্জাক) একজন ছিল ও। সব সময় দলকে মাতিয়ে রাখত।এই বিশ্বকাপে দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে ওকে বাড়তি ভূমিকা রাখতে হবে। এই দলের নয়জনেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। এদের চাপমুক্ত রাখার দায়িত্বটা রাজ্জাককে নিতে হবে। বোলিংয়ের ব্যাপারে কিছু বলার নেই, তবে টিম প্লেয়ার রাজ্জাককে বলব, এবার তোমাকে গাইড হিসেবেও কিন্তু কাজ করতে হবে। বিশ্বকাপে তোমার আরেকটি রাজকীয়, আমি বলব ‘রাজ্জাকীয়’ পারফরম্যান্স দেখার অপেক্ষায় রইলাম।