রাজকীয় ফাইনাল
রাজায় রাজায় যুদ্ধ হতো আর প্রাণ যেত উলুখাগড়ার। আজ ব্যাপারটা হবে ঠিক তার উল্টো। রাজারা আজ আর নিজেরা মাঠে নামছেন না। সেনাবাহিনী আর সেনাপতিদের নামিয়ে দিচ্ছেন। তাঁরা থাকবেন যুদ্ধক্ষেত্রের পাশেই। উলুখাগড়াদের এই যুদ্ধে রাজারই প্রাণ যাবে। উত্তেজনায়, আনন্দে, হতাশা ও উন্মাদনায়। আজকের ফাইনালে দুই পক্ষের গ্যালারির যুদ্ধটায় নেতৃত্ব দিতে হাজির হচ্ছেন দুই যুবরাজ। কাকতালীয়ভাবে এবারের ফাইনালে যে দুটো দল মুখোমুখি হচ্ছে, সেই দুটি দেশে স্রেফ আনুষ্ঠানিক হলেও এখনো টিকে আছে রাজতন্ত্র। হল্যান্ডের যুবরাজ উইলেম আলেকজান্ডার তো নিয়মিত দর্শকই। স্পেনের যুবরাজ ভেবে দেখলেন, গ্যালারির এই লড়াইটাতে হল্যান্ডকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দেওয়া যাবে না। স্প্যানিশ যুবরাজ ফেলিপেও ছুটে আসছেন জোহানেসবার্গে।আলেকজান্ডারের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে গ্যালারিতেও আলো ছড়ান যুবরাজ্ঞী ম্যাক্সিমা। গত বিশ্বকাপেও খেলা দেখতে এসেছিলেন এই দম্পতি। এবার তো সঙ্গে করে নিয়ে এসেছেন তিন মেয়েকেও। হল্যান্ডের রাজপুত্র ফুটবলের অন্ধ ভক্ত। ম্যাক্সিমার শ্বাস-প্রশ্বাসেও মিশে আছে ফুটবল, জন্ম যে তাঁর আর্জেন্টিনায়।ফেলিপেও ক্রীড়াপ্রেমী। না, ঠিক বোঝানো গেল না। বরং এভাবে বললে ভালো, যুবরাজ ফেলিপে একজন অলিম্পিয়ান! ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সেইলিং দলে ছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকাবাহকও ছিলেন যুবরাজ। আলেকজান্ডারের সঙ্গে তাঁর মিল আছে আরেক জায়গায়। তিনিও ঠিক রাজবংশের কাউকে বেছে নেননি জীবনসঙ্গিনী হিসেবে। বিয়ে করেছেন লেতিজিয়াকে, একসময় যিনি ছিলেন সিএনএনের সাংবাদিক। আলেকজান্ডারের সঙ্গে পাল্লা দেবেন ফেলিপে আর ম্যাক্সিমাকে একহাত নেওয়ার ভার পড়ছে লেতিজিয়ার ওপর। স্পেনের সম্রাট হুয়ান কার্লোসের শরীরটা ভালো যাচ্ছে না। ৭২ বছর বয়সী কার্লোসের ফুসফুসে অস্ত্রোপচার হয়েছে গত মে মাসে। এর পর থেকে সাধারণ্যে খুব একটা দেখাও দিচ্ছেন না সম্রাট। সুস্থ থাকলে আজকের ফাইনালে তিনিও হাজির হতেন বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। খেলা দেখতে যেতে পারছেন না প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোও, ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা ভিয়েনায় রাজার সঙ্গে বসে টিভিতে দেখেছিলেন যিনি। তবে সম্রাজ্ঞী সোফিয়া থাকবেন। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে দলের জয়টা গ্যালারিতে বসেই দেখেন তিনি। আজকের ফাইনালেও থাকবেন সোফিয়া।শেষ পর্যন্ত আজকের ফাইনালের লড়াইটা দেখা যাচ্ছে একটা রাজকীয় চেহারাই পাচ্ছে! এএফপি।