রাজত্ব তো চলছে স্পিনারদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভারপ্রতি প্রায় ৮ রান দিয়ে ৭ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। হরভজন সিংয়ের এই সাদামাটা পারফরম্যান্সের পরও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে ওই টুর্নামেন্টের পরেই আফসোস করে হরভজন বলেছিলেন, স্পিনারদের দিন শেষ করে দিতেই এসেছে টি-টোয়েন্টি ক্রিকেট।
প্রায় চার দশক আগে টেস্ট ক্রিকেটের কৌলীন্যের পাশে বিনোদনের পসরা সাজিয়ে হঠাৎই ওয়ানডের আবির্ভাবেও এমন আশঙ্কা করেছেন অনেকে। ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের মধ্যেই একটা মারমার-কাটকাট ভাব থাকে। আর মারার জন্য ব্যাটসম্যানদের কাছে স্পিন বোলিংয়ের চেয়ে লোভনীয় আর কী হতে পারে! মুরালিধরন-ওয়ার্ন-ভেট্টোরি আর সাকলায়েনরা অবশ্য পরে সেই আশঙ্কাটাকে মিথ্যা প্রমাণ করেছেন।
ঠিক একইভাবে সাত বছর পর এখন যদি টি-টোয়েন্টি ক্রিকেটের বোলারদের পরিসংখ্যানটা দেখেন হরভজন, তাঁর আফসোস হয়তো উচ্ছ্বাসে বদলে যাবে। স্পিনারদের দিন শেষ হয়ে যায়নি, বরং আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ক্রিকেটেও বোলারদের রাজত্ব বলতে স্পিনারদেরই! উইকেটের বিচারে টি-টোয়েন্টির সবচেয়ে সফল ৫ বোলারের তিনজনই স্পিনার (সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও অজন্তা মেন্ডিস)। সেরা পাঁচ বোলিং পারফরম্যান্সের তিনটিই স্পিনারদের।
স্পিনারদের এই দাপট চোখে পড়ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। উপমহাদেশীয় কন্ডিশন বলে এটা কিছুটা অনুমিতই ছিল। তবে প্রত্যাশাকে অনেকটা ছাপিয়ে গিয়ে স্পিনাররাই যেন এই টুর্নামেন্টে হয়ে উঠেছেন অধিনায়কদের মূল অস্ত্র। ফিঞ্চ-ওয়ার্নারের মতো বিধ্বংসী দুই ওপেনারকে ঠেকাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই বল হাতে নিয়েছেন মোহাম্মদ হাফিজ-জুলফিকার বাবররা। প্রতিপক্ষের উইকেটের জন্য অধিনায়ক তাকিয়ে থাকছেন সাঈদ আজমলের দিকে। অস্ট্রেলিয়াকে যে ম্যাচে হারিয়েছে পাকিস্তান তাতে উমর আকমলের ঝোড়ো ইনিংসের পাশে বড় অবদান তো এই তিন স্পিনারেরও। ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ সামি নন, মহেন্দ্র সিং ধোনির আস্থা যেন অমিত মিশ্রর ওপরই বেশি। ভারতের আগের দুটি ম্যাচেই সেরার স্বীকৃতি পেয়েছেন। গেইল-ব্রাভোরা জ্বলে উঠতে না পারলেও ড্যারেন স্যামি দুশ্চিন্তায় পড়ছেন না, কারণ তাঁর হাতে আছে সুনীল নারাইন আর স্যামুয়েল বদ্রির মতো অস্ত্র। ভারতের বিপক্ষে নারাইন দারুণ বল করলেও দল হেরেছে, আবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক বদ্রি। এমনকি সব সময় গতি দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাওয়া অস্ট্রেলিয়াও তাই নতুন করে হিসাব কষছে তাদের স্পিনারদের নিয়ে!