রাজত্ব সেই রাজশাহীরই
অন্ধকারেই আলোকমালার সৌন্দর্য। সে সৌন্দর্যকে আবাহন জানাতেই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিভে গেল ফ্লাডলাইট। আঁধারে ডুবে গেল গোটা স্টেডিয়াম। কয়েক সেকেন্ড মাত্র। আতশবাজির আলো ফোয়ারা হয়ে ছড়াল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অন্ধকার আকাশে, একটি-দুটি করে ফ্লাডলাইটের বাতি জ্বলে ওঠে স্টেডিয়ামের সবুজ ক্যানভাসে ছড়িয়ে দিল আলোর নাচন। তার মধ্যেই চোখে পড়ল আরেকটি ছন্দোবদ্ধ নাচ—নাচছে রাজশাহী রেঞ্জার্স!টি-টোয়েন্টি ক্রিকেটে নাচ-গান থাকেই। কিন্তু খালেদ মাসুদের রাজশাহী রেঞ্জার্সের নাচটা শুধু টি-টোয়েন্টিরই নয়, গ্যালারি-ভর্তি দর্শককে মুগ্ধতায় ভরিয়ে দেওয়া এই নাচ সাফল্য, বিজয় ও আনন্দের। কাল ফাইনালে সাকিব আল হাসানের কিংস অব খুলনাকে ৬ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতে নিয়েছে এবারের জাতীয় লিগের চার দিনের ম্যাচের চ্যাম্পিয়ন রাজশাহী। রেঞ্জার্সের সামনে ছুড়ে দেওয়া কিংস অব খুলনার টার্গেট একেবারে খারাপ ছিল না। তাদের ৬ উইকেটে করা ১৬১ রান চার বল বাকি থাকতেই টপকে গেছে রাজশাহী।ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কায়সার আব্বাস। তবে রাজশাহীর জয়ের নায়ক তিনি একা নন। ৪৬ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে কায়সার-শুভাগত মিলে গড়েছেন টুর্নামেন্টেরই সর্বোচ্চ ১০৯ রানের জুটি। ৩৮ বলে ফিফটি করা শুভাগত ১৯তম ওভারের শেষ বলে ইলিয়াস সানিকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে করেছেন ৪৯ বলে ৬২ রান। পাকিস্তানি ব্যাটসম্যান কায়সার অবশ্য দল জিতিয়েই মাঠ ছেড়েছেন ৪৪ বলে অপরাজিত ৬১ করে।দুই শ্রীলঙ্কান চলে যাওয়ায় বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়ে গিয়েছিল কিংস অব খুলনা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসা আলভেরো পিটারসেন আর রায়ান ব্যালিকে নিয়ে সেই সংকট দূর করা গেলেও শেষ রক্ষা হয়নি। তবে একটা সান্ত্বনা, দলের ১৬১ রানের ইনিংসে সর্বোচ্চ রানটা দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট আর ১২টি ওয়ানডে খেলা পিটারসেনেরই—দুই ছক্কা দুই চারে ২২ বলে করেছেন ৩৪। তবে পিটারসেনের ব্যাটিং দর্শকদের যতটা না আনন্দ দিয়েছে তার চেয়ে বেশি দৃষ্টি-সুখকর ছিল তাঁর আউটটা। সানজামুলের বলে লং অনে যেভাবে শূন্যে ভেসে ক্যাচটা লুফে নিলেন শফিউল ইসলাম, সেটা টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার এনে দিয়েছে তাঁকে।আলভেরোর ৩৪, সাকিবের ১৫ বলে ২৭ বা টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব বাংলাদেশ’ (২২৮ রান) হয়ে সেডান গাড়ি জেতা ইমরুল কায়েসের ২৭ বলে ২৪ রানের পরও কিংস অব খুলনার ইনিংস এতটা বড় হতো না, যদি শেষ ওভারে ও রকম ঝোড়ো না হয়ে উঠত আলাউদ্দিন বাবুর ব্যাট। শফিউলের করা ওই ওভারের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা, ছক্কা মেরেছেন শেষ বলেও। ওই ওভারে আসা ২০ রানের মধ্যে ১৯-ই আলাউদ্দিনের, বাকি ১ রান ডলারের। শফিউলের করা শেষ ওভারের সৌজন্যেই মাত্র ৬ বলে অপরাজিত ২০ রান করেছেন আলাউদ্দিন।খালেদ মাসুদের জন্য এই শিরোপা অনেক কারণেই আনন্দের। একে তো প্রথম এনসিএল টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হলেন, তার ওপর ফাইনালে হারালেন সেই সাকিবের দলকে, যার দল মোহামেডান, আবাহনীর বিপক্ষে জিতেছিল প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনালেও। ১৬১ রান তাড়া করে জেতার সাফল্যটাকে ‘প্রাপ্য’ই মনে করছেন মাসুদ, তবে তিনি বিস্মিত গ্যালারিতে দর্শকের ঢল দেখে। খেলা শুরু হয়েছে বিকেল ৫টা ২০ মিনিটে, অথচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে দর্শকদের দীর্ঘ লাইন দুপুর থেকেই। ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ গ্যালারি। ঘরোয়া ক্রিকেটে সম্ভবত কালই প্রথম কালোবাজারির কাছেও টিকিট না পেয়ে ফিরেছে অনেকে। আর যারা পেয়েছে, গ্যালারির ১০ টাকার টিকিট কিনেছে এক শ-দেড় শ টাকায়!ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়ানো অতিথিদের সারির মতোই লম্বা ছিল পুরস্কারের তালিকা। ম্যান অব দ্য ম্যাচ কায়সার, সেরা ক্যাচ নেওয়া শফিউল আর গাড়ি জেতা ইমরুল তো ছিলেনই, ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে ১ লাখ টাকার চেক নিয়েছেন সুলতানস অব সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সর্বোচ্চ উইকেটশিকারি (১২টি) রাজশাহীর মুক্তার আলী, সবচেয়ে বেশি ছক্কা মারা সাইক্লোনস অব চিটাগংয়ের তামিম ইকবাল, দ্রুততম ফিফটি করা শুভাগত এবং সবচেয়ে হিসাবি বোলিং করা ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ রফিকও ফেরেননি খালি হাতে।