রাজত্বও ফিরে পেলেন উডস
একে একে সবই ফিরে পেলেন টাইগার উডস। রাজত্ব, রানি, রাজমুকুট! প্রাপ্তির খাতার আর বাকি রইল না কিছুই। দুঃসময়কে পেছনে ফেলে ফর্ম ফিরে পেয়েছেন আগেই। গত সপ্তাহেই জানিয়েছেন, পেয়েছেন নতুন জীবনসঙ্গীও। এবার ফিরে পেলেন মুকুটও। ররি ম্যাকইলরয়কে টপকে আড়াই বছর পর উডস পা রাখলেন পিজিএ র্যাঙ্কিংয়ের এক নম্বরে।পরশু ফ্লোরিডার বে হিলে আরনল্ড পালমার আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অষ্টমবারের মতো শিরোপা জিতেছেন উডস। এই শিরোপাই তাঁকে নিয়ে গেছে র্যাঙ্কিংয়ের শীর্ষে। একসময় র্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটিকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন। রেকর্ড ৬২৩ সপ্তাহ কাটিয়েছেন শীর্ষে থেকে। শুধু র্যাঙ্কিংই নয়, গলফের ইতিহাসেরই ‘অবিসংবাদিত সম্রাট’ হয়ে উঠেছিলেন। গলফ কোর্সের বিস্ময়কর সাফল্য ব্যক্তিজীবনকেও ভরিয়ে দিয়েছিল কানায় কানায়। ছিল সুন্দর একটি সংসার। তাতে অর্থবিত্তের প্রাচুর্য যেমন ছিল, তেমনি ছিল সুখ। স্ত্রী, সন্তানদের নিয়ে দিন কাটছিল স্বপ্নের মতো।কিন্তু হঠাৎই এক ঝড় এসে লন্ডভন্ড করে দেয় সবকিছু। ২০০৯ সালের সেই নারী কেলেঙ্কারি অর্থ-বৈভব, সংসার, সুখ-স্বাচ্ছন্দ্য সবই কেড়ে নেয় উডসের কাছ থেকে। সম্পর্ক চুকিয়ে ফেলে ছেলেমেয়েকে নিয়ে স্ত্রী এলিন ধরেন আলাদা পথ।অপমানে, লজ্জায়, হতাশায় ভেঙে পড়ে উডস গলফ থেকেই সাময়িক সরে দাঁড়ান। তবে মনের জোরে খুব অল্প সময়েই ওই হতাশাকে পেছনে ফেলে উডস আবার ফিরে আসেন গলফ কোর্সে। শুরু করেন নতুন করে। নতুন পথে যাত্রার শুরুতেই আরেক ধাক্কা। ২০১০ সালের অক্টোবরে হারিয়ে বসেন দখলে থাকা এক নম্বর আসনটি। এরপর নামতে নামতে একসময় ছিটকে পড়েন শীর্ষ ৫০-এরও বাইরে। তবে লড়াকু উডস নীরবে লড়াইটা ঠিকই চালিয়ে গেছেন। প্রতিভার সঠিক চর্চার মাধ্যমে উডস ঠিকই নিজেকে আবার নিয়ে এসেছেন আগের সেই উচ্চাসনে।এ নিয়ে ৭৭তম পিজিএ ট্যুর শিরোপা জিতলেন উডস। সর্বকালের সর্বোচ্চ পিজিএ ট্যুর শিরোপাজয়ী তালিকায় তাঁর ওপরে কেবলই স্যাম স্নিড (৮২টি)। শিরোপা জয়ের পরই নতুন প্রেমিকা স্কিয়িং তারকা লিন্ডসে ভন টুইট করেন, ‘এক নম্বর!!!!!!!!!!!’ এভাবেই প্রেমিকার কাছে পেয়েছেন অভিনন্দন। আর উডসের কথা, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করাটা উপভোগ করি, গলফের টুর্নামেন্ট জেতাটা উপভোগ করি। বিশেষ করে, মেজর চ্যাম্পিয়নশিপ।’ উডস যেন ইঙ্গিতে জানিয়ে রাখলেন, আসল লক্ষ্য তাঁর মেজর জেতাই। এএফপি।