রাজত্বও হারাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ব্যাটসম্যানদের অসহায়ত্ব। রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে অ্যান্ডারসনের বুনো উল্লাস।
ভারতীয় ব্যাটসম্যানদের অসহায়ত্ব। রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে অ্যান্ডারসনের বুনো উল্লাস।

ভারতকে কাবু করার মন্ত্র আগেই জপেছিলেন মার্টিন ক্রো। উত্তরসূরিরা অক্ষরে অক্ষরে তা ‘পালন’ করেছেন কেবল। ফলাফল হাতেনাতেই। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পেস সহায়ক উইকেটে নাজেহাল ভারত, হারল ১৫ রানে। একই সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের রাজত্বও হারাল। এখন অবস্থান দুইয়ে। ভারতকে হটিয়ে ফর্মের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়া দখল করেছে এক নম্বর স্থান।  
বৃষ্টি বেশ কবার ম্যাচের লাগাম টেনে ধরলেও ফলবঞ্চিত করতে পারেনি নিউজিল্যান্ডকে। শেষ অবধি জিতেই মাঠ ছেড়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ধোনির দলের লক্ষ্য দাঁড়ায় ৪১.৩ ওভারে ২৯৩। ওভারপ্রতি তুলতে হবে ৭-এর কিছু বেশি রান। ভারতীয় ব্যাটসম্যানরা তুলতে পেরেছেন ৬.৬৭ করে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৭৭ করে থামল ভারত। 
লক্ষ্য তাড়া করতে গিয়ে এদিনও মাইলস, ম্যাকলেনাহান, সাউদি ও অ্যান্ডারসনে ভালোই নাকাল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। আগেই সতীর্থদের শর্ট বল খেলার কিছু উপায় বাতলে দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ‘ভ্রান্ত’ সঙ্গীরা কোহলির ব্যবস্থাপত্র মেনে চলতে পারেননি। নিউজিল্যান্ডের বিষটোপেই পা দিলেন তাঁরা। কোহলি নিজে অবশ্য চেষ্টা করেছেন দলকে বাঁচাতে। ৬৫ বলে ৭৮ করে সাউদির শিকার হওয়ার পর ভারতের আশার তরি যেন পথ হারিয়ে ফেলে। অধিনায়ক ধোনির ৪৪ বলে ৫৬ আশা জাগালেও ব্লাক ক্যাপসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটিও ধুয়ে যায় ওই বৃষ্টির জলের মতোই। নিউজিল্যান্ডের পক্ষে সাউদি নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। আর অ্যান্ডারসনের ঝুলিতে ৩টি।
এর আগে টসে জিতে ভারতের অধিনায়ক ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। মোহাম্মদ সামি নিউজিল্যান্ডের ২৫ রানে জেসি রাইডারকে ঝটপট তুলে নিলেও পরবর্তী সময় উইলিয়ামসন, রস টেইলর ও কোরি অ্যান্ডারসন ভারতীয় বোলারদের ভালোভাবেই ভুগিয়েছেন। ১৭ ওভারে ১ উইকেটে ৯৭ তোলার পর বৃষ্টি থামিয়ে দেয় নিউজিল্যান্ডের ইনিংস। এরপর  ৩৩.২ ওভারে ২ উইকেটে ১৭০ করার পর আবারও বৃষ্টির বাগড়া। শেষমেশ ব্ল্যাকক্যাপসদের ইনিংসের সমাপ্তি ঘটে ৪২ ওভারে। তাদের সংগ্রহ তখন ৭ উইকেটে ২৭১।

গত ম্যাচের মতো এদিনও উইলিয়ামসন খেললেন ৭৭ রানের দারুণ এক ইনিংস। বছরের প্রথম দিন আফ্রিদির রেকর্ড ভাঙা অ্যান্ডারসনের ব্যাট জ্বলে উঠল আজও। ১৭ বলে করলেন ৪৪। অ্যান্ডারসন আবার চারের চেয়ে ছক্কা মারতে ভালোবাসেন কিনা, তাই আজও ঝোড়ো ইনিংসটি সাজালেন ২টি চার ও ৫টি ছয়ে। স্ট্রাইক রেট? ‘বেশি’ না, মোটে ২৫৮ দশমিক ৮২! তবে ম্যাচসেরা উইলিয়ামসন। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের পরের ম্যাচটি হবে ২৫ জানুয়ারি, অকল্যান্ডে।  সনি সিক্স ও ওয়েবসাইট।