রাজদণ্ড পেল দক্ষিণ আফ্রিকা
রাজত্বটা আগেই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বের গদিটা দখলে এসেছিল গত বছরের আগস্টেই। কিন্তু তার পরও কিসের যেন কমতি ছিল। রাজ্য শাসনের প্রতীক রাজদণ্ডটাই যে ছিল না। সেটি পেতে অবশ্য একটা শর্ত পূরণ করতে হয়। শর্তটা এই, ১ এপ্রিল পর্যন্ত ধরে রাখতে হবে এক নম্বর জায়গাটা। প্রোটিয়ারা পূরণ করেছে সেই শর্তও। আর এই পথ ধরেই দলটি পেয়ে গেল রাজদণ্ডের প্রতীক গদাটা। কাল জোহানেসবার্গের ওয়ান্ডারার্সেই গ্রায়েম স্মিথের হাতে তুলে দেওয়া হলো ওটা। স্মিথরা হাতে পেয়েছেন সাড়ে চার লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কারও।স্মিথের হাতে গদা তুলে দিয়েছেন আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ ম্যানেজার ভিন্স ভ্যান ডার বিল। সাড়ে চার লাখ ডলারের চেকটা দক্ষিণ আফ্রিকান অধিনায়কের হাতে দিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রেসিডেন্ট ক্রিস নেনজানি। নিউ ওয়ান্ডারার্সে পুরস্কার হাতে পাওয়ার পর বিনয়ই প্রকাশ পেল স্মিথের কণ্ঠে, ‘রিলায়েন্স আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপ গদা ও অর্থ পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমি শুধু নিজের, খেলোয়াড়দের কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সম্মানটা গ্রহণ করছি না, আমি এটা গ্রহণ করছি সব দক্ষিণ আফ্রিকানদের পক্ষ থেকেই। দেশের প্রতিনিধিত্ব করতে পারার বিশাল সম্মান পেয়ে এবং এর সঙ্গে এসে পড়া দায়িত্বগুলো পালন করতে পেরে আমরা আপ্লুত।’২০০৩ সালে চালু হওয়ার পর মাত্র চতুর্থ দল হিসেবে গদাটা হাতে তুলতে পারল দক্ষিণ আফ্রিকা। এর আগে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড পেয়েছে এই সম্মান। গত বছর সে সময়ের এক নম্বর দল ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতেই হারিয়ে এক নম্বরে উঠে আসে দক্ষিণ আফ্রিকা। এরপর দেশের মাটিতে খেলা টানা পাঁচটি ম্যাচ জিতেই শীর্ষস্থানটা ধরে রাখে গ্রায়েম স্মিথের দল। ওয়েবসাইট।