রাজনীতি করবেন শেভচেঙ্কো!
ফুটবল মাঠে নিজের আর কোনো ভবিষ্যত্ দেখছেন না ইউক্রেনের ফুটবল তারকা আন্দ্রেই শেভচেঙ্কো। ফুটবল ছেড়ে এখন রাজনীতির মাঠে খেলতে চান তিনি। রাজনীতিবিদ হতে গিয়ে ফুটবল থেকেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।এ সম্পর্কে শেভচেঙ্কো বলেন, ‘সম্ভবত আমার সিদ্ধান্ত সবাইকে কষ্ট দেবে। আমার ভবিষ্যত্ এখন আর ফুটবলে নেই।...এটা রাজনীতির সঙ্গে জড়িত।’বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি নিজেই একটি দল গঠন করবেন, তা স্পষ্ট করেননি শেভচেঙ্কো। এসি মিলান ও চেলসির সাবেক এই স্ট্রাইকার শুধু জানিয়েছেন, রাজনীতির জন্য ফুটবল ক্যারিয়ারে ইতি টেনেছেন তিনি।গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেনশেভচেঙ্কো। ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ইউক্রেন বিদায় নেওয়ার পর শেভচেঙ্কো ঘোষণা দেন, জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না তাঁকে। এবার তিনি সরে দাঁড়ালেন সব ধরনের ফুটবল থেকে।ইউক্রেন জাতীয় দলের হয়ে ১১১টি ম্যাচে অংশ নিয়েছেন শেভচেঙ্কো। গোল করেছেন ৪৮টি। ১৯৯৪ সালে ডায়নামো কিয়েভ দিয়ে ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয়েছিল তাঁর। এখানে খেলেন পাঁচ বছর। ১৯৯৯ সালে যোগ দেন এসি মিলানে। ২০০৬ সালে মিলান ছেড়ে যোগ দেন চেলসিতে। তবে এখানে সময়টা ভালো কাটেনি শেভচেঙ্কোর। বেশির ভাগ সময় তাঁকে খেলতে হয় বদলি খেলোয়াড় হিসেবে। ২০০৮-০৯ মৌসুমে চেলসি থেকে ধারে খেলতে যান মিলানে। ২০০৯ সালে শেভচেঙ্কো ফিরে যান প্রথম ক্লাব ডায়নামো কিয়েভে, সর্বশেষ তিনি খেলছিলেন সেখানেই।