রাজনীতির জন্য ক্রিকেট ছাড়ছি না: শচীন
রাজনীতি নাকি ক্রিকেট—এখন কোনটাকে সামলাবেন শচীন টেন্ডুলকার? ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় অনেকেই তুলছেন প্রশ্নটা। তবে যাঁর প্রতি এই প্রশ্ন, সেই শচীন এতদিন নীরব ছিলেন। অবশেষে মুখ খুললেন লিটল মাস্টার।‘আমি রাজনীতিবিদ নই। আমি এখন খেলোয়াড়, আর এই পরিচয় নিয়েই থাকতে চাই। রাজনীতির জন্য ক্রিকেট ছাড়ছি না আমি। ক্রিকেটই আমার জীবন। এই খেলাটা চালিয়ে যাব আমি’—আজ মঙ্গলবার পুনেতে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন শচীন।শচীন জানান, সংগীতের রানি লতা মুঙ্গেশকর, অভিনেতা পৃথ্বীরাজ কাপুরসহ অনেক বিখ্যাত ব্যক্তিকেই নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সংসদ সদস্য মনোনীত করেছেন রাষ্ট্রপতি। তাঁর নিজের ক্ষেত্রেও এমনটা ঘটেছে।শচীন বলেন, ‘ক্রিকেটে অবদান রাখার জন্য আমাকে এই সম্মান দেওয়া হয়েছে। ক্রিকেটেই অবদান রাখতে চাই আমি।’শততম সেঞ্চুরি সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে লিটল মাস্টার বলেন, ‘২০০৩ সালে কোচ জন রাইট আমাকে বলেছিলেন, প্রথম ক্রিকেটার হিসেবে শততম সেঞ্চুরির মালিক হতে পারি আমি। শেষ পর্যন্ত তাঁর কথা সত্যি হয়েছে।’শচীন জানান, বিশ্বকাপ জয় ছিল তাঁর লালিত স্বপ্নের মধ্যে অন্যতম। বিশ্বকাপ জয়ের দিনটার কথা স্মরণ করে লিটল মাস্টার বলেন, ‘আমার গাড়ির ড্রাইভার আমাকে বলছিল, স্টেডিয়ামের বাইরে রাখা আমার গাড়ির উপর উঠে নাচছে সমর্থকেরা। আমি তাঁকে বাধা না দিতে বলেছিলাম। ওই সময় গাড়ি নিয়ে ভাবার সময় ছিল না আমার। বিশ্বকাপ গোটা দেশকে এক করে ফেলেছিল। ওটাই আমার জীবনের সেরা দিন।’এখনই অবসরের যাচ্ছেন না, এমন ইঙ্গিত দিয়ে শচীন বলেন, ‘ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান। ক্রিকেটই আমার জীবন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও মানসিক শক্তি অর্জন করতে পারি। যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এ জন্য সব সময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি।’সাফল্য-ব্যর্থতা সামাল দেওয়ার সক্ষমতা প্রশ্নে শচীন বলেন, ‘মনের এই অনুশীলনটা পরিবারের কাছ থেকে পেয়েছি। যখন স্কুল ও ক্লাব ক্রিকেটে খেলতাম, তখন অলিখিত একটা নিয়ম ছিল—পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যাবে না, পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। পদ্ধতিটা সহজ। যা হওয়ার তা পরিবর্তন করা সম্ভব নয়, তা সাফল্য ব্যর্থতা যা-ই হোক না কেন।’ পিটিআই।