রাজনীতির প্যাঁচে সাঙ্গাকারারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম নয়, রাজনৈতিক বিতর্ক ক্রিকেটে কালো ছায়া ফেলেছে সব সময়ই। রাজনৈতিক কারণেই প্রথম আসরের পর বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানি ক্রিকেটাররা। এবার সেই রাজনৈতিক কারণেই আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পক্ষে খেলা শ্রীলঙ্কান ক্রিকেটাররা পড়ে গেছেন বেকায়দায়। এবারের আইপিএলে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে যত খেলা অনুষ্ঠিত হবে, তাতে মাঠে নামতে পারবেন না লঙ্কানরা। অর্থাত্ শ্রীলঙ্কান ক্রিকেটাররা আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর যত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই হন না কেন, চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোতে তাদের বাইরে রেখেই নামতে হবে দলগুলোর।এবারের আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ সানরাইজার্সের অধিনায়ক করা হয়েছে লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারাকে। তিনি শ্রীলঙ্কার ক্রিকেটারদের চেন্নাইয়ে খেলতে না পারার বিষয়টিকে কোনোভাবেই ‘ক্রিকেট চেতনাপরিপন্থী ব্যাপার’ হিসেবে দেখতে চান না। তিনি ব্যাপারটিকে একটি সমস্যা হিসেবে দেখলেও এর মাধ্যমে ক্রিকেটীয় চেতনা ক্ষতিগ্রস্ত হবে না বলেই মত দিয়েছেন।সাঙ্গাকারা বলেন, ‘চেন্নাইয়ে খেলতে পারব না, এটি অবশ্যই একটি সমস্যা। কিন্তু আমরা শ্রীলঙ্কানরা কিন্তু ভারতের অন্য যেকোনো শহরেই সু-স্বাগত।’তাঁর মতে, ‘রাজনীতিই এ সমস্যাটি তৈরি করেছে। চেন্নাইয়ের মাঠে লঙ্কানদের খেলায় নিষেধাজ্ঞা এনে দিয়েছে। তবে আমি মনে করি না, রাজনীতির কারণে তৈরি হওয়া এ সমস্যাটি ক্রিকেটের মূল চেতনার পরিপন্থী হয়ে দেখা দেবে।’সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা আরও বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে এ ধরনের ব্যাপার শ্রীলঙ্কান খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটাবে। তার পরও আমরা আইপিএলে খেলতে এসেছি, এটাই মুখ্য বিষয়।’সাঙ্গাকারা বলেন, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, লঙ্কান ক্রিকেটাররা চেন্নাইয়ে পা রাখবে না। কিন্তু চেন্নাই বা তামিলনাড়ু তো আর পুরো ভারতকে প্রতিনিধিত্ব করে না।’শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধের অবসান হয় ২০০৯ সালে। অভিযোগ আছে, যুদ্ধের শেষ লগ্নে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জনগোষ্ঠী শ্রীলঙ্কার সেনাবাহিনী কর্তৃক ব্যাপকহারে হত্যা ও নিপীড়নের শিকার হয়েছেন। রাজনীতির এ ব্যাপারটি সামনে নিয়ে এসে ভারতের তামিলনাড়ু রাজ্যে সাম্প্রতিক সময়ে তীব্র শ্রীলঙ্কাবিরোধী স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যাপারটিকে আমলে নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলা শ্রীলঙ্কান খেলোয়াড়েরা কোনো অবস্থাতেই চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলো খেলতে পারবেন না। শুধু তাই নয়, চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ম্যাচগুলোতে থাকছেন না শ্রীলঙ্কার কোনো আম্পায়ার বা ম্যাচ রেফারিও।আইপিএল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সমালোচনার ঝড় তোলে শ্রীলঙ্কায়। অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেক তারকারা আইপিএল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে শ্রীলঙ্কানদের জন্য ‘অপমানসূচক’ হিসেবে অভিহিত করেন। তাঁরা আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি আহ্বানও জানান। শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য শেষাবধি বিনা শর্তেই আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে পিটিআইয়ের এক প্রশ্নের জবাবে সাঙ্গাকারা বলেন, পুরো বিষয়টি নিয়ে শ্রীলঙ্কায় অনেক বিতর্ক হয়েছে। তবে যেহেতু এটা ‘দেশ বনাম দেশ’-সংক্রান্ত কিছু নয়, তাই আমরা এখানে খেলতে এসেছি। এটি ‘দেশ বনাম দেশ’ ইস্যু হলে আইপিএলে আপনারা কোনো লঙ্কান ক্রিকেটারকে দেখতেন না।’