রাজনীতির শিকার বন্ড!
নিষিদ্ধ ক্রিকেট আইসিএলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই তাঁর। শেন বন্ডের বরং অভিযোগ, শুরুতে আইসিএলে খেলার অনুমতি দিয়ে পরে আইসিসির হস্তক্ষেপে নিউজিল্যান্ড ক্রিকেটই (এনজেডসি) বরং তাঁর মাথার ওপর থেকে ছাতা সরিয়ে নিয়েছে। নিজের লেখা লুকিং ব্যাক বইয়ে নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার আক্ষেপ করে বলেছেন, ‘...আমি আসলে রাজনীতির শিকার।’বন্ডের দাবি, এনজেডসির সঙ্গে তাঁর চুক্তি অনুযায়ী ওই সময় আইসিএল এবং নিউজিল্যান্ডের ক্রিকেট—দুই জায়গাতেই খেলার পথ খোলা ছিল তাঁর জন্য। ‘আমি কখনোই বুঝতে পারি না, কেন আইসিএল অথবা নিউজিল্যান্ড, এর যেকোনো একটাকে বেছে নিতে হবে। আমাকে তো নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে আমি দুটোতেই খেলতে পারব’—বলেছেন বন্ড। আইসিএলে গিয়ে তিনি আসলে দেশের হয়ে আর খেলতে চাননি, এই অপবাদ তাই মেনে নিতে রাজি নন বন্ড। আইসিএলে যাওয়ার দায়ে এনজেডসি যখন চুক্তি বাতিল করে দিল, তখন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান জাস্টিন ভনের সঙ্গে বাদানুবাদের কথাও তিনি তুলে ধরেছেন বইয়ে, ‘...স্বীকার করছি আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম। তবে ওটাই প্রথম এবং শেষও। জাস্টিনকে রীতিমতো গালাগাল করেছিলাম সেদিন।’বন্ড আইসিএলের চুক্তিপত্রে সই করেন ২০০৮ সালের জানুয়ারিতে। নিষিদ্ধ ক্রিকেটে নাম লেখানোয় এরপর প্রায় দুই বছর নিউজিল্যান্ড জাতীয় দলে পরিত্যাজ্য হয়ে ছিলেন। পরে আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে এনজেডসি খেলোয়াড়দের দেশের ক্রিকেটে আসার পথ খুলে দিলে ২০০৯-এর জুনে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন বন্ড। দিল্লি জায়ান্টসের হয়ে আইসিএলে খেলা এই ফাস্ট বোলার পরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আইপিএলেও। তবে তিনি এখনো বলেন, আইসিএলে যাওয়া নিয়ে কোনো অনুশোচনা তাঁর নেই, ‘ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলা নিয়ে আমি কখনোই অনুতপ্ত নই...একদমই না। আইসিএলে খেলে আমি আমার পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে পেরেছি। কয়েকটা টেস্ট ও ওয়ানডে ক্যাপের চেয়ে শেষ পর্যন্ত কিন্তু সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’নিজের বইয়ে বন্ড জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্রেক্ষাপটে দেশের ক্রিকেটের সঙ্গে তাঁর চুক্তিটা বেশ ভালো হলেও সেটা তাকে ধনী বানায়নি। কাজেই আইসিএলে যাওয়ার সিদ্ধান্তটা ঠিকই ছিল। তবে আফসোস, ক্যারিয়ারটাকে বড় করতে না পারায় লম্বা সময়ের জন্য নিরাপত্তা দিতে পারেননি পরিবারকে। ওয়েবসাইট।