রাজনৈতিক অস্থিরতার ছোঁয়া ফুটবল লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগ শুরু হতে না হতেই পড়ে গেল রাজনৈতিক অস্থিরতার পাকে। গতকাল বিরোধী দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির কারণে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা হয়নি। একই কর্মসূচি জারি থাকায় আজও খেলা হচ্ছে না। রাজনৈতিক দৃশ্যপটে সুসংবাদ না মিললে দেশের শীর্ষ ফুটবল লিগ কদিন বন্ধ থাকে কে জানে!

গত ২৭ ডিসেম্বর লিগ শুরু হয়ে দুটি ম্যাচ হয়েছে। প্রথম দিন শেখ রাসেল-উত্তর বারিধারা, পরদিন শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ম্যাচ ভালোয় ভালোয় মাঠে গড়িয়েছে। গতকাল আবাহনী-ব্রাদার্স ম্যাচটি স্থগিত রেখে আজ তা আয়োজন করতে চেয়েছিল বাফুফে। একই সঙ্গে আজকের নির্ধারিত বিজেএমসি-সকার ম্যাচটিও রাখা হয়েছে আজ সূচিতে। কিন্তু বিরোধী দলের কর্মসূচির কারণে পুলিশ প্রশাসন বাফুফেকে জানিয়ে দিয়েছে, মাঠে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) পুলিশ দেওয়া যাবে না। বাফুফে অন্তত ২০-২৫ জন পুলিশ চাইলেও পুলিশ প্রশাসন পাঁচজন দিতেও অপারগতা প্রকাশ করেছে।

পুলিশ পাওয়া গেলে আজকের ম্যাচ দুটি আগামীকাল আয়োজন করতে চায় বাফুফে। কিন্তু বিরোধী দলের কর্মসূচির গতি-প্রকৃতি যা, তাতে আগামীকালও কর্মসূচি থাকলে খেলা না-ও হতে পারে। কারণ, পুলিশ ব্যস্ত থাকবে রাজনৈতিক কর্মসূচি নিয়েই। বাফুফে অবশ্য বলছে, তারা কোনোভাবেই খেলা স্থগিত করবে না। মাঠে নিরাপত্তার জন্য পুলিশ পেলেই খেলা হবে। দলগুলোও খেলতে প্রস্তুত।

 ২১ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ ফুটবলেও রাজনৈতিক অশান্তির ধাক্কা লেগেছে। ওখানেও পুলিশি নিরাপত্তার প্রয়োজন। গতকাল দ্বিতীয় বিভাগের সূচিতে খেলা ছিল না। তবে বিরোধী দলের কর্মসূচির বৃত্তে আটকে আজ দ্বিতীয় বিভাগের খেলাও বন্ধ থাকছে। প্রিমিয়ার লিগের মতো দ্বিতীয় বিভাগে বেশি পুলিশের প্রয়োজন হয় না, তাই আগামীকাল থেকে এই লিগ ফের শুরু আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাফুফে শুধু আশাই করতে পারে, সব কিছুই নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর!