গুরুত্বের দিক দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির (টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই পরিচিত) চেয়েও বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। সেটা আয়োজনের পরীক্ষায় যখন লেটার মার্কস নিয়েই পাস করা গেছে, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আয়োজন আর কীই-বা কঠিন?২০১১ বিশ্বকাপ আয়োজনের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা থাকলেও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির একক আয়োজক বাংলাদেশ। একসঙ্গে খেলবে ১৬টি দল। হবে আট দলের মহিলা ওয়ার্ল্ড টি-টোয়েন্টিও। হোক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, এ নিয়ে গা ছাড়া ভাব দেখানোর তাই সুযোগ নেই। বোর্ড সভাপতি নাজমুল হাসান আশ্বাস দিলেন, ‘২০১১ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সাফল্য সবাই দেখেছে। ২০১৪ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সবাই আরও বেশি করে জানবে এ দেশের মানুষের কাছে ক্রিকেটটা আসলে কী।’ কাল রাতে রাজধানীর একটি হোটেলে হয়ে গেছে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির লোগো উন্মোচন অনুষ্ঠান। তার আগে সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন বিসিবি সভাপতি।সংবাদ সম্মেলনে আরও ছিলেন বোর্ডের সাবেক সভাপতি ও বর্তমানে আইসিসির সহসভাপতি আ হ ম মুস্তফা কামাল। ছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও মহিলা দলের প্রতিনিধি সাথিরা জাকির। আগামী বছর ১৬ মার্চ শুরু ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনাল হবে ৬ এপ্রিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একই দিনে একই দর্শকের সামনে হবে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালও।বাংলাদেশের একক আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী মুশফিক, ‘২০১১ বিশ্বকাপ আয়োজন করে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে মাঠে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দেশের মাটিতে। হাতে এক বছর সময় আছে। এর মধ্যে আমাদের টি-টোয়েন্টির পারফরম্যান্সে আরও ধারাবাহিকতা আনতে হবে।’ মেয়েদের টুর্নামেন্টে বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে স্বাগতিক হিসেবে। অভিজ্ঞতায় অন্যদের চেয়ে পিছিয়ে থাকলেও নিজেদের মাঠ আর পরিচিত দর্শক সাহস জোগাচ্ছে সাথিরা জাকিরকে, ‘নিজেদের মাঠে খেলা আমাদের জন্য বাড়তি সুবিধা। আশা করি, দর্শকদের সমর্থন আমাদের খেলায় ইতিবাচক প্রভাব ফেলবে।’বাংলাদেশের ক্রিকেটপ্রিয় মানুষের কাছে একই আশা বিসিবি সভাপতিরও। সফলভাবে বিশ্বকাপ আয়োজনে দলমত-নির্বিশেষে সবার সমর্থন চান তিনি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সমর্থন আরও বেশি জরুরি। তবে সরকারি দলের দুই সাংসদ বোর্ড সভাপতি এবং আইসিসির সহসভাপতির বিশ্বাস, রাজনৈতিক অস্থিরতা বিশ্বকাপে বাধা হবে না। ‘আগেও দেখেছি জাতীয় নির্বাচনের আগের বছর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনের পর সব ঠিক হয়ে যায়। হাতে আরও এক বছর সময় আছে। আমরা আশাবাদী, বিশ্বকাপের সময় এ রকম অবস্থা থাকবে না’—বলেছেন আইসিসির সহসভাপতি মুস্তফা কামাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান সঙ্গে যোগ করেছেন, ‘আমরা দেখেছি, বিপিএলের ম্যাচের জন্য হরতাল বাতিল হয়েছিল। পুরো বাংলাদেশ ক্রিকেট ভালোবাসে। আমাদের বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপেও গোটা দেশ আমাদের সঙ্গে থাকবে।’ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বিকল্প ভেন্যু হিসেবে থাকবে ফতুল্লা স্টেডিয়াম। আর মেয়েদের টুর্নামেন্টটি হবে কক্সবাজারে নির্মিতব্য নতুন স্টেডিয়ামে। স্টেডিয়ামের কাজ এখনো শুরু না হওয়াটা উদ্বেগের, কিন্তু আশার কথাই শোনালেন বোর্ড সভাপতি, ‘স্টেডিয়ামের কাজ শুরু করা দরকার। তবে আগামীকাল (আজ) হয়তো আমরা স্টেডিয়ামের জায়গাটা পেয়ে যাব। ধারণা করছি, বিসিবিকে মাঠটা দিয়ে দেওয়া হচ্ছে।’ দর্শকের চাহিদার কথা চিন্তা করে অন্য ভেন্যুগুলোর ধারণক্ষমতাও বাড়ানোর চিন্তাভাবনা করছে বিসিবি।২০১১ বিশ্বকাপের সফল আয়োজন আর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান যেন একসঙ্গে মিশে গেছে। তবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য এখনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেই। ‘হলেও টুর্নামেন্ট শুরুর আগের দিন ছোটখাটো কোনো আয়োজন হতে পারে’—জানালেন বিসিবি সভাপতি।