রাজনৈতিক সহিংসতার ছায়া ক্রিকেটেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ এবং এশিয়া কাপ। দেশে কিছুদিন ধরে চলা টানা রাজনৈতিক সহিংসতা এসব আয়োজন নিয়ে মৃদু সংশয় জাগাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তে সেই মৃদু সংশয় এখন বড় একটা প্রশ্নচিহ্নে রূপান্তরিত। গত শনিবার রাতে চট্টগ্রামে দলের আবাস হোটেল আগ্রাবাদের সামনে ককটেল বিস্ফোরণের পরদিনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) দলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। বিসিবি অবশ্য কাল রাত পর্যন্তও চেষ্টা চালিয়ে গেছে তাঁদের সিদ্ধান্ত বদলানোর।

ককটেল বিস্ফোরণের পরদিন (পরশু) সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেটি না খেললেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে পরে সন্তোষ প্রকাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজমেন্ট। রাজি হয়েছিল ম্যাচটা পরদিন (গতকাল) খেলার প্রস্তাবেও। কিন্তু তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ডব্লুআইসিবি। বাংলাদেশ সময় পরশু মধ্যরাতে দেওয়া ডব্লুআইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটা জানিয়ে ব্যাখ্যা করা হয়েছে কারণটাও, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডব্লুআইসিবির নিরাপত্তা ব্যবস্থাপক পল স্লোর তৈরি করা একটি প্রতিবেদনের ভিত্তিতেই ডব্লুআইসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।’ অবরোধ এবং হরতালের কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন ক্রিকেট খেলার উপযোগী নয় বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যে সে দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে, উল্লেখ করা হয়েছে এটিও।

ডব্লুআইসিবির সিদ্ধান্তের পরও অবশ্য কাল নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গেছেন দলের কোচ ও সহকারী কোচ। এ সময় পুলিশ-বিজিবির দেওয়া নিরাপত্তায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সঙ্গে এ-ও বলেছেন, বাংলাদেশে দলটার থাকা না-থাকা এখন আর টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে না। তা ছাড়া ইন্টারনেটে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জেনে খেলোয়াড়দের অভিভাবকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ যুবদল কালই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে চেয়েছিল। বিমানের টিকিট সমস্যার কারণে তা না পারলেও আজ সকালেই ঢাকায় ফিরছে দলটি। টিকিট পাওয়া সাপেক্ষে দেশের বিমানও ধরার কথা আজই।

আতিথেয়তা এবং নিরাপত্তাব্যবস্থার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবিকে ধন্যবাদ দিয়েছে ডব্লুআইসিবি। তবে সিরিজের বাকি ছয় ম্যাচ না খেলে ওয়েস্ট ইন্ডিজের যুবারা আজ দেশে ফিরে গেলে সে ধন্যবাদ হবে অর্থহীন। নিরাপত্তার কারণে কোনো বিদেশি দলের সিরিজ শেষ না করেই দেশে ফেরার ঘটনা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সম্পর্কে সুখকর কোনো বার্তা তো দেবেই না, ভবিষ্যৎকেও করে তুলতে পারে অনিশ্চিত। আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে বিসিবির কাছে।

পরশু মধ্যরাতে ডব্লুআইসিবি তাদের সিদ্ধান্ত জানানোর পর বাংলাদেশের ক্রিকেটে কাল দিনভরই উদ্বেগ ছিল এ নিয়ে। চট্টগ্রামে টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন সেখানে থাকা বিসিবির পরিচালক আকরাম খান ও গেম ডেভেলপমেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক নাজমুল আবেদীন। আর ঢাকায় বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ব্যস্ত সময় কাটালেন এ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিয়ে।
বিসিবি সভাপতি অবশ্য এখনই এটির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে শঙ্কিত নন, ‘এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম। আমি কথাটা বলছি ধারণার ওপর নির্ভর করে, তবে এ রকম পরিস্থিতি তো সব সময় চলতে পারে না। আশা করছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই আমাদের দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে।’ তাঁর বিশ্বাস, বর্তমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে ডিসেম্বরের মধ্যেই।

কাল বিকেলে ধানমন্ডিতে নিজের অফিসের সামনে দাঁড়িয়ে যখন নাজমুল হাসান কথাগুলো বলছিলেন, বিসিবি তখনো আশায় ছিল ডব্লুআইসিবিকে সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি করানো যাবে। চট্টগ্রামে না হোক, সাত ম্যাচের সিরিজ সংক্ষিপ্ত করে ঢাকায় আরও দু-একটা ম্যাচ খেলানোর বিকল্প পরিকল্পনা ছিল তাদের মাথায়। হোটেলের সামনে ককটেল ফাটার পরদিন সকালেই ডব্লুআইসিবিকে আশ্বস্ত করে ই-মেইল পাঠিয়েছিল বিসিবি। তার পরও সিরিজ শেষ না করে তাদের বাংলাদেশ ত্যাগের সিদ্ধান্ত জানার পর কাল ওয়েস্ট ইন্ডিজ যুবদলের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আবারও ই-মেইল করা হয়। কিন্তু সময়ের ব্যবধান ১০-১১ ঘণ্টা হওয়ায় বাংলাদেশে যখন দিন, ওয়েস্ট ইন্ডিজে তখন রাত। ডব্লুআইসিবির কাছ থেকে শেষ কথা জানার জন্য তাই ওয়েস্ট ইন্ডিজের অফিস সময় পর্যন্ত (বাংলাদেশে রাত) অপেক্ষা করতে হয়েছে বিসিবিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্তও অবসান হয়নি সে অপেক্ষার।