রাজশাহী-চট্টগ্রাম লড়াইয়ে শুরু এনসিএল
কদিন আগেই ঢাকাবাসী আতশবাজির খেলা আর লেজারের চোখ ধাঁধানো আলো দেখেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আজ সন্ধ্যায় আবার আতশবাজি আর লেজার রশ্মিতে রঙিন হয়ে উঠবে ঢাকার আকাশ। উপলক্ষটা বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে স্টেডিয়ামও। আইসিএল-আইপিএলের ঢঙে বাংলাদেশে প্রথমবারের মতো আজ শুরু হতে যাচ্ছে মালিকানাভিত্তিক দলগুলোকে নিয়ে আয়োজিত টুর্নামেন্ট এনসিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে তারকাসমৃদ্ধ চট্টগ্রাম সাইক্লোনস ও ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল রাজশাহীর দল রাজশাহী রেঞ্জার্স। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনে ঔজ্জ্বল্যের কোনো অভাব অন্তত থাকছে না। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হলেও সাড়ে পাঁচটার সময় শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে যথারীতি দেশের তারকা শিল্পীদের গান থাকবে, থাকবে নাচ। থাকবে কোরিওগ্রাফির উপস্থাপনা। এর পরই আতশবাজি ও লেজারের খেলা। আর এসবের পর শুরু হবে মাঠের খেলা। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠের খেলা কতটা ‘খেলা’ হবে সেটা নিয়ে হয়তো অনেকেরই সংশয় আছে। তবে উদ্বোধনী ম্যাচের বড় আকর্ষণ চট্টগ্রাম সাইক্লোনসের অধিনায়ক নাফিস ইকবাল বললেন, ‘ছয়টি দলই খুব ভালো হয়েছে। তাই আমার মনে হয়, বেশ ভালো খেলা হবে। আমরা তো খুব শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি।’দলে এমনিতেই তামিম ইকবাল, আফতাব আহমেদের মতো বড় নাম আছে। তার ওপর কালই পাকিস্তান থেকে চলে এসেছেন খুররম মনজুর। আর চট্টগ্রামের কেন, এনসিএলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে কাল মাঝ রাতে ঢাকায় পৌঁছানোর কথা গতিতারকা শোয়েব আখতারের। সব মিলে চট্টগ্রাম অধিনায়কের একটু বাড়তি আত্মবিশ্বাস থাকারই কথা। নাফিস ইকবালের কণ্ঠে সেই আত্মবিশ্বাসেরই অনুরণন, ‘শুধু তামিম-আফতাব বা শোয়েব আছে বলেই নয়, আমাদের দলটা খুবই ব্যালান্সড হয়েছে। দুই দিন একসঙ্গে অনুশীলন করেছি। মনে হয়েছে, সবাই সেরা ফলাফলের জন্যই খেলবে।’চট্টগ্রামের এসব নাম শুনে বিপক্ষ অধিনায়কের ঘাবড়ে যাওয়ারই কথা। কিন্তু বিপক্ষ অধিনায়কের নাম যে খালেদ মাসুদ। তিনি এসব নামের দিকে তাকাচ্ছেন না। সোজা বলে দিলেন, আজ চট্টগ্রামের ‘ঝড়’ থামিয়ে দিতে চান তাঁরা, ‘আমরা আফতাব, তামিম বা শোয়েবকে টার্গেট করে খেলব না। আমাদের চট্টগ্রামের পুরো দলটার বিপক্ষেই খেলতে হবে। আশা করি, আমরা ওদের সাইক্লোন প্রথম দিনেই থামিয়ে দিতে পারব।’যদিও আগে থেকেই ম্যাচ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি ছিলেন না মাসুদ। টি-টোয়েন্টি ম্যাচ বলে কথা! এই টি-টোয়েন্টির অনিশ্চয়তার কথাই বললেন নাফিস ইকবালও, ‘টি-টোয়েন্টিতে কোনো দলই দুর্বল বা বিশেষ সবল নয়। প্রতিটি ম্যাচকেই তাই খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। তাই নিচ্ছি আমরা।’দুদলই পরস্পরকে এমন গুরুত্বের সঙ্গে নিলে লড়াইটা তো জোর হওয়ার কথা। আর এই লড়াই মাঠে গিয়ে দেখতে না পারলেও ‘মিস’ নেই। উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।