রাজশাহী পর পর চারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার দেওয়ার পালা শেষ। জুনায়েদ সিদ্দিক, ফরহাদ রেজা, জহুরুল ইসলামরা ব্যস্ত ছবি তুলতে। চ্যাম্পিয়ন ট্রফিটা ধরা অধিনায়ক ফরহাদ রেজার হাতে। ফটোসাংবাদিকদের পাশাপাশি রাজশাহীর অনেক কর্মকর্তাও মুহূর্তটি মোবাইল ফোনে ধরে রাখতে ব্যস্ত। গত তিন মৌসুম ধরেই দৃশ্যটা এমনই হয়ে এসেছে। কাল খুলনাকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে গেল রাজশাহী। সব মিলিয়ে পাঁচবার শিরোপা উঠল রাজশাহীর হাতে।দ্বিতীয় দিনেই শিরোপার সুবাস পাচ্ছিল রাজশাহী। কারণ দিনটা শেষ করেছিল খুলনা মাত্র ৮৯ রানে এগিয়ে থেকে। হাতে অক্ষত ৫ উইকেট নিয়ে কাল তৃতীয় দিনে লিডটা অনেক বড় করতে হতো তাদের। ভরসা হয়ে ছিলেন আগের ম্যাচেই সেঞ্চুরি করা আনামুল হক ও তাপস ঘোষ। কিন্তু খুলনার টপ-অর্ডারকে ছেঁটে দেওয়া রাজশাহী ওঁদের উইকেটে জমে যেতে দিতে চাইবে কেন? পরিকল্পনামতো তারা কাল কম রানের মধ্যে বেঁধে ফেলল খুলনাকে। আর মাত্র ৩৭ রান যোগ করতেই শেষ হয়ে গেল খুলনার দ্বিতীয় ইনিংস। রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়াল ১২৭ রান। ফরহাদ রেজার উইকেটটির বিনিময়ে মাত্র ২২ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেল রাজশাহী। জিতল ৯ উইকেটে। পাঁচ দিনের ম্যাচ শেষ আড়াই দিনে!ম্যাচ শেষে রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজা বলছিলেন, ‘আমাদের লক্ষ্যই ছিল যত কম রানে ওদের আটকানো যায়। বোলাররা সেই দিক দিয়ে দারুণ সফল।’ খুলনার হয়ে নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন আনামুল। অন্যপ্রান্তে কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না, ৫৮ রানে অপরাজিত থেকে গেলেন প্রতিশ্রুতিবান ব্যাটসম্যান। খুলনার শেষ প্রতিরোধে ফাটল ধরে কাল তাপস ঘোষের বিদায়ে। ফরহাদ হোসেনের বলে স্লিপে জুনায়েদের হাতে ক্যাচ তুলে তাপস ফেরেন ৭ রানে। এরপর ওই প্রান্তে চলে আসা-যাওয়ার মিছিল। খুলনা শেষ পর্যন্ত অলআউট ১৭২ রানে। ১২৭ রানের লক্ষ্যের দিকে ছোটা রাজশাহীর শুরুটা হয় ভালোই। একদিকে ঝড় তুলছিলেন মিজানুর, অন্যদিকে নিজেকে ওপেনিংয়ে তুলে আনা ফরহাদ রেজার ব্যাটে ছিল পরিমিতিবোধ। কিন্তু ৪৪ রানের মাথায় রেজাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান আবদুর রাজ্জাক। খুলনা এতে সামান্য আশাও যদি ফিরে পেয়ে থাকে, সেটিকে মুহূর্তেই উড়িয়ে দিতে দেরি করেননি মিজানুর। ফরহাদ হোসেনের সঙ্গে অসমাপ্ত দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে যখন জয়োল্লাস করতে করতে মাঠ ছাড়েন, মিজানুরের নামের পাশে লেখা হয়ে গেছে ৮০ রান। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার, আর বাঁহাতি স্পিনার মুরাদ খানকে হাঁকানো একমাত্র ছক্কাটি। ৬২ বলে ফিফটি পূর্ণ করা মিজানুর মাঠের চারপাশে খেলেছেন দারুণ কিছু শট। খণ্ডকালীন অফ স্পিনার তুষার ইমরানের এক ওভারেই নিয়েছেন টানা চারটি ৪। মিজানুরের কাছে ফরহাদকে হয়তো একটু মলিন দেখিয়েছে, তবে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টের ৩২ রানের ক্যামিওটাও কম আকর্ষণীয় ছিল না। ৩৯ বলের ইনিংসে ৬টি চার মেরেছেন ফরহাদ।পুরো লিগে আধিপত্য দেখানো খুলনাকে ফাইনালে একেবারেই অচেনা মনে হয়েছে। প্রায় আড়াই দিন টেকা সোয়া ৭ সেশনের ম্যাচে খুলনা সত্যিকারের প্রতিদ্বন্দ্বী ছিল শুধু একটা সেশনেই। সেও পরশু দ্বিতীয় সেশনে, যখন তারা রাজশাহীকে প্রথম ইনিংসে গুটিয়ে দেয় ২৫৮ রানে। এ ছাড়া পুরো ম্যাচটাই হয়ে থাকল খুলনার আত্মসমর্পণের দলিল।এমন হারের জন্য তুষার ইমরান দায়ী করেছেন খেলোয়াড়দের ক্লান্তিকে, ‘আমরা ফাইনালের আগে খেলেছি ঢাকা মহানগরের সঙ্গে। ম্যাচটা হয়েছে হরতালের মধ্যে। আমাদের উঠতে হয়েছে ভোর সাড়ে চারটায়। ফতুল্লায় গিয়ে সারা দিন খেলে আবার ঢাকায় ফিরেছি। পর পর দুই দিন এভাবে কষ্ট করেছি। আমরা টুর্নামেন্ট কমিটির কাছে কয়েকটা দিন বিশ্রাম চেয়েছিলাম। বিশ্রাম না পাওয়াতেই মনে হয় এমন বাজে ফল হলো। না হলে হয়তো অন্য রকম হতে পারত।’ পুরো টুর্নামেন্টে পয়েন্টে অন্যদের চেয়ে এগিয়ে থেকেও ফাইনাল খেলতে হয়েছে। এই নিয়মের সমালোচনা করেছেন খুলনার অধিনায়ক, ‘এটা লিগের খেলা। সাধারণত পয়েন্টে যারা শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। লিগে এমনই হয়। কিন্তু আমাদের এখানে এই নিয়ম চলে আসছে। এভাবে পুরো লিগ ভালো খেলে ফাইনালে হারতে হলো। আমরা খুবই হতাশ।’