রাজশাহী-রংপুরের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিপক্ষে ম্যাচসেরা রংপুরের নাঈম ইসলাম ছবি: বিসিবির সৌজন্যে
সিলেটের বিপক্ষে ম্যাচসেরা রংপুরের নাঈম ইসলাম ছবি: বিসিবির সৌজন্যে

সাতটি শতক আর একটি দ্বিশতক উপভোগ করল জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড। সেই সঙ্গে দেখেছে কয়েকটি রেকর্ডও। ব্যাটসম্যানদের পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন খুলনা বিভাগের অধিনায়ক আবদুর রাজ্জাক ও সিলেট বিভাগের বামহাতি স্পিনার নাসুম আহমেদ।
ফরহাদ রেজা, সানজামুল ইসলাম ও মুক্তার আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৪০৩ রানের বড় জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৫৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯২ রানেই গুটিয়ে গেছে চট্টগ্রামের ইনিংস। প্রথম ইনিংসে ২৫৯ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফরহাদ। সানজামুলের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৩৪৭ রানের রেকর্ড জুটি গড়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে ১৬টি ছক্কা মেরে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন মুক্তার। রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট হাতে সফল হতে পারেননি প্রথম ইনিংসে। তবে দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৩৬ বলে ৫৪ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস।
আজ চতুর্থ দিনের খেলায় শেষ শতকটি করেছেন খুলনা বিভাগের তুষার ইমরান। ১০৭ রানের হার না-মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ঢাকা মহানগরের বিপক্ষে খুলনার জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন অধিনায়ক রাজ্জাক। দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট শিকার করেছেন এই বামহাতি স্পিনার। এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই নিয়েছিলেন নয়টি উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
জাতীয় লিগের অপর ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৪ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে রংপুর বিভাগ। ৪৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ইনিংস গুটিয়ে গেছে ১৬২ রানে। প্রথম ইনিংসে ১৪৪ রান করে ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম। রংপুরের পক্ষে তানভীর হায়দারও খেলেছেন শতরানের ইনিংস। ১১১ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৩৯১ রান সংগ্রহ করে এই দুজনই গড়ে দিয়েছিলেন রংপুরের জয়ের ভিত। সিলেটের পক্ষে বল হাতে সফলতা পেয়েছেন নাসুম আহমেদ। প্রথম ইনিংসে সাত উইকেটের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন তিনটি উইকেট। দল হেরে গেলেও ৭১ রানের ইনিংস খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন সানাজ আহমেদ।
বরিশাল বিভাগের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ১২৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শাহরিয়ার নাফীস। ঢাকা বিভাগের পক্ষে শতক হাঁকিয়েছেন তাইবুর রহমান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০২ রান। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তাইবুর।