রাজশাহীকে টপকে চারে রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরিয়ার নাফীস দায়িত্ব ছাড়ায় হঠাৎ খুলনার নেতৃত্ব পেয়ে দিন চারেক আগে লু ভিনসেন্ট টুইট করেছিলেন, ‘আগের দিন পানি বয়ে পরের দিনই অধিনায়ক!’ কাল চাইলে উল্টো টুইট করতে পারতেন চামারা কাপুগেদেরা, ‘আগের ম্যাচে অধিনায়ক থেকে পরের ম্যাচেই ডাগ-আউটে!’ অধিনায়কত্বটাকে সত্যিই ‘মিউজিক্যাল চেয়ার’ বানিয়ে ফেলেছে দুরন্ত রাজশাহী। কাপুগেদেরাকে ‘বিশ্রাম’ দিয়ে কাল হঠাৎই টস করতে পাঠানো হলো মুক্তার আলীকে, একাদশ ম্যাচে রাজশাহীর চতুর্থ অধিনায়ক!নতুন অধিনায়ক ব্যাটে-বলে ছিলেন উজ্জ্বল, তবে দলের পরাজয় রুখতে পারেননি। ১৯ রানে জিতে রাজশাহীকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রংপুর রাইডার্স।এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের বিশ্রাম যথেষ্টই বিস্ময়কর। আগের ম্যাচে বয়কটের হুমকি এবং পরে সংবাদমাধ্যমে মুখ খোলার শাস্তি কি না, সেই প্রশ্নও উঠেছে। অবশ্য রাজশাহীর স্বত্বাধিকারী মুশফিকুর রহমানের দাবি, ‘কোনো কাহিনি নেই, শুধুই বিশ্রাম দেওয়া হয়েছে কাপুগেদেরাকে। আর আমি নিশ্চিত, আমরা সেমিফাইনাল খেলবই।’ কালকের হারে সেই কাজটা অনেকটাই কঠিন হয়ে গেল। এমনিতেই কাপুগেদেরা নেই, চোটের কারণে নেই তামিম ইকবাল। নিখাদ ব্যাটিং উইকেটেও ১৭৯ রান তাড়া করাটা কঠিন ছিল রাজশাহীর জন্য। ৫৫ রানে ৫ উইকেট হারানো দলকে মাচে রেখেছিলেন জিয়াউর (১৮ বলে ৩৬) ও মুক্তার (২৯ বলে ৩৩)। তবে নন স্ট্রাইক প্রান্তে জিয়ার রানআউট এবং এক বল পর মুক্তারের বোল্ডে শেষ আশাটুকুও শেষ।এর আগে ষষ্ঠ ফিফটি করে শামসুর রহমান (৩৬ বলে ৫১) ছুঁয়েছেন ব্র্যাড হজের বিপিএল রেকর্ড। শাহরিয়ার নাফীসের (৩৮৭) কাছ থেকে কেড়ে নিয়েছেন ‘গ্রিন ক্যাপ’ও (৪১৮)। উদ্বোধনী জুটিতে জুনায়েদ সিদ্দিকের সঙ্গে (২১ বলে ৩৫) ৮৮ তুলে ফেলেন ৪৪ বলে। তবে মুক্তারের দারুণ বোলিংয়ে পরে আর সুবিধা করতে পারেনি রংপুর। ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান তোলা দল পরের ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৭৩। তবে জয় এনে দিয়েছে ওই স্কোরই।সংক্ষিপ্ত স্কোররংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৯/৮ (শামসুর ৫১, জুনায়েদ ৩৫, ইমরুল ১৬, নাসির ২৩, বোরগাস ৫, হায়াট ১৬, কেভিন ও’ব্রায়েন ৩, ধীমান ৪, এডওয়ার্ডস ৭*, রাজ্জাক ৫*; মুক্তার ৩/২৫, মনির ২/৩৮, মুনাবীরা ১/২৪, তাইজুল ১/৩৪)। দুরন্ত রাজশাহী: ১৮.৪ ওভারে ১৬০ (কভেন্ট্রি ০, ক্যাটিচ ২৭, মুনাবীরা ২২, জহুরুল ৫, জিয়াউর ৩৬, আরভিন ০, মুক্তার ৩৩, উদানা ৭, হাসান ৬, তাইজুল ৬*, মনির ১৪; ও’ব্রায়েন ৩/১৭, রাজ্জাক ২/৩০, সাজু ২/২৭, নাসির ১/১৫, এডওয়ার্ডস ১/২৫)ফল: রংপুর ১৯ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: কেভিন ও’ব্রায়েন।