রাজশাহীতে কাবাডি মেলা
স্কুল ফাঁকি দিয়ে রাজশাহী জেলা স্টেডিয়ামে কাবাডি মেলা দেখতে এসেছে মর্নিং সান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্র হাবিব। তাকে প্রশ্ন করা হলো, বাংলাদেশের জাতীয় খেলা কী? উত্তর: ক্রিকেট! নগরের লক্ষ্মীপুর এলাকা থেকে বাবার সঙ্গে এসেছে প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র শ্রেয়াস কবির। সে মনে করে, বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল।এ থেকেই প্রমাণিত হয় আমাদের জাতীয় খেলা কাবাডির অবস্থানটা কোথায়। ফুটবল-ক্রিকেটের আগ্রাসনে নতুন প্রজন্মের কাছে হারিয়েই যেতে বসেছে কাবাডি। তবে ক্ষয়িষ্ণু কাবাডিকে রক্ষায় দেরিতে হলেও ভালো একটি উদ্যোগ নিয়েছে কাবাডি ফেডারেশন। দেশের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে কাবাডি মেলার আয়োজন করা হচ্ছে। ২৪ জুলাই টাঙ্গাইলের পর কাল রাজশাহীতে হয়ে গেল একদিনের কাবাডি মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রা, টুর্নামেন্ট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এটি। ৬টি দলকে নিয়ে জেলা স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাসেম স্মৃতি সংঘ। ফাইনালে দলটি ১৪-৬ পয়েন্টে হারায় জনপ্রিয় একাদশকে। চ্যাম্পিয়ন দল পুরস্কার পেয়েছে ১৫ হাজার টাকা। রানার্সআপ দল ৫ হাজার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জনপ্রিয় একাদশের হাসান।দেশের মুমূর্ষু কাবাডিকে বাঁচিয়ে তুলতে ২০১২ সাল পর্যন্ত এই কাবাডি মেলা বিভিন্ন জেলায় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন। ফেডারেশনের এই কাজে আর্থিক সহায়তা দিচ্ছেন ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমেটেড।