রাজশাহীর জয়
জাতীয় লিগে জয় পেয়েছে কাল রাজশাহী। বগুড়ায় বরিশালকে তারা হারিয়েছে ১২৬ রানে। সিলেটে খুলনা-চট্টগ্রামের সঙ্গে এবং রাজশাহীতে ঢাকা ড্র করেছে সিলেটের সঙ্গে।রাজশাহীর ফরহাদ হোসেন (১৮৬), ধীমান ঘোষ (১০১) ও খুলনার সগীর হোসেন (১১৪) ও চট্টগ্রামের নাজিমউদ্দিন (১৩৭)—এই চারজনের সঙ্গে কাল শেষ দিনে সেঞ্চুরি পেয়েছেন আরও দুজন, রাজশাহীর মাইশুকুর (১০৭*) ও সিলেটের অলক কাপালি (১৫৩)।আগের দিনের ১ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী ৫ উইকেটে ২৩৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ৩৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে অলআউট। বৃষ্টির কারণে কাল শেষ দিনে সিলেটে খেলাই হয়েছে মাত্র কয়েকটি ওভার। তাতে আগের দিনের ৩ উইকেটে ১১৫ থেকে খুলনা ৫ উইকেটে ১৪৮ পর্যন্ত যেতেই খেলা শেষ।রাজশাহীতে ৪ উইকেটে ২২৪ রান নিয়ে দিন শুরু করা সিলেট অলক কাপালির সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৯০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জবাবে ঢাকা ৬ উইকেটে করে ২৬০ রান।