রাজশাহীর জয় তিন দিনেই

ক্রিকেট নিয়ে কোনো অনুমান খাটে না। জাতীয় লিগের রাজশাহী-সিলেট ম্যাচটি আবারও মনে করিয়ে দিল সত্যটা। দ্বিতীয় দিন শেষেই পরাজয়ের চোখ রাঙাচ্ছিল যে রাজশাহীকে, তারাই জিতে গেল ম্যাচটা। জয়ের জন্য মাত্র ১৬৯ রানের লক্ষ্য নিয়ে কাল ফতুল্লায় ২য় ইনিংসে সিলেট অলআউট হলো মাত্র ৭৫ রানে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ৭৩ রানে এগিয়ে থাকা রাজশাহীই জিতে গেল ৯৩ রানে।
কাল দিন শেষে জয় দেখছে ঢাকা বিভাগ। রাজশাহীতে ফলোঅনে পড়া রংপুরের শেষ ৩ উইকেট তুলে নেওয়ার অপেক্ষাই এখন তাদের। বগুড়ায় ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে চট্টগ্রাম। ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৩ রান তুলে দিন শেষ করেছে দলটি। খুলনায় বরিশালের বিপক্ষে ১২৮ রানে এগিয়ে আছে স্বাগতিকেরা।
রাজশাহী দিন শুরু করেছিল ৬ উইকেটে ১০০ রান নিয়ে। লেজের দৃঢ়তায় দলটি গিয়েছে ১৯৫ পর্যন্ত। নয়ে নেমে ৩৭ রান করেছেন অধিনায়ক ফরহাদ রেজা। লক্ষ্য ১৬৯ রান, প্রথম ইনিংসের মতো এবারও সিলেট নাজেহাল বাঁহাতি ঘূর্ণিতে। সাকলাইন সজীবের ছায়ায় ঢাকা পড়া তাইজুল ইসলামই এবার প্রধান হন্তারক। ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট, ম্যাচে ৯৮ রানে ১০। ২১ বছর বয়সী তাইজুল টানা দ্বিতীয় ম্যাচে
পেলেন ১০ উইকেট। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন উত্তরাঞ্চলের এই বোলার। ম্যাচে সাকলাইনের শিকার ৮। এর আগে সিলেটের এনামুল হক জুনিয়র পেয়েছেন নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ২৮তম ৫ উইকেট।
রাজশাহীতে জয়ের মুখে থাকা ঢাকা বিভাগের অধিনায়ক মোহাম্মদ শরীফ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেরিয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক। কাল রংপুরের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই ৩ উইকেট নিয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার। দ্বিতীয় উইকেটটি (জাহিদ জাভেদ) তুলতেই ৩০০ উইকেট পূর্ণ করে ফেলেন শরীফ। এর আগে ২১১ রানে ৮ উইকেট খোয়ানো রংপুর প্রথম ইনিংসে ৩১৫ করে ৯ ও ১০ নম্বর ব্যাটসম্যান আরিফুল (৬৪) ও সাজেদুলের (৬১*) ফিফটিতে। ৭ উইকেটে ১৯০ রানে দিন শেষ করা রংপুরকে ইনিংস হার এড়াতেই করতে হবে আরও ১১১ রান।
বগুড়ায় বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও ফিফটি করেছেন ঢাকা মহানগরের মোহাম্মদ শহীদ। দশম উইকেটে শহীদ ও বিশ্বনাথের ৯১ রানের জুটিতেই ২৮৯ করে মহানগর। খুলনায় বরিশালের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার রাজীবুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী-সিলেট, ফতুল্লা
রাজশাহী: ২১৭ ও ৭০.৪ ওভারে ১৯৫ (তাইজুল ৪৩, ফরহাদ রেজা ৩৭, ফরহাদ হোসেন ৩৪; এনামুল জু. ৫/৮৫, নাজমুল ২/১৩, জায়েদ ২/২৬, নাবিল ১/৫০)। সিলেট: ২৪৪ ও ২৯ ওভারে ৭৫ (এজাজ ২৬, রাজিন ১৪; তাইজুল ৬/৩৩, সাকলাইন ২/৭, শফিউল ১/১২)।
ফল: রাজশাহী ৯৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম (রাজশাহী)।
খুলনা-বরিশাল, খুলনা
খুলনা: ৩৫৭ ও ৯ ওভারে ২৩/২ (তুষার ১৭*, সৌম্য ৬*; কামরুল ২/১৮)। বরিশাল ১ম ইনিংস: ৮৪.১ ওভারে ২৫২ (কামরুল ৬৩, নুরুজ্জামান ৫১; রাজিবুল ৫/৯৫, মাশরাফি ২/৩৫, জিয়াউর ১/১৩, সৌম্য ১/২৬, ডলার ১/২৮)।
ঢাকা বিভাগ-রংপুর, রাজশাহী
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬১৬/৭ ডি.। রংপুর ১ম ইনিংস: ৮৪.১ ওভারে ৩১৫ (সালাউদ্দিন ৭৮, আরিফুল ৬৪, সাজেদুল ৬১*, আহমেদুল ৪৪, নাঈম ৩৭; সাব্বির ৩/৪৭, শরীফ ৩/৪৯, শাহাদাত ২/৩৮, নাদিফ ১/২৭, নূর ১/৭১) ও ২য় ইনিংস: ৩৯ ওভারে ১৯০/৭ (সায়মন ৬১, তানভীর ৪৩*, আরিফুল ৩৪*; শরীফ ৩/৪৫, শাহাদাত ২/২৩, তাইবুর ১/২৩, নূর ১/৫৬)।
ঢাকা মহানগর-চট্টগ্রাম, বগুড়া
ঢাকা মহানগর: ২২১ ও ৯০.৫ ওভারে ২৮৯ (শহীদ ৬৪, বক্কর ৩২; আফতাব ৪/২৮, আকবর ২/৫৩, ইয়াসিন ১/২৯, ফয়সাল ১/৪০, সাদ্দাম ১/৪৩, মনিরুজ্জামান ১/৮১)। চট্টগ্রাম: ১৯৫ ও ১৯ ওভারে ৬৩/২ (নাফিস ৩০*, মাহাবুবুল ২৩; শহীদ ২/২০)।
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ
ম্যাচ উইকেট সেরা গড়
এনামুল হক জুনি. ৯১ ৩৬৬ ৭/৪৭ ২৮.৮৪
মোহাম্মদ শরীফ ৯৩* ৩০১ ৬/৩১ ২৭.০৬
আবদুর রাজ্জাক ৬৭ ২৬৬ ৯/৮৪ ২৮.৮১
ইলিয়াস সানি ৭২ ২৫৫ ৭/৭৯ ২৭.১৮
নাবিল সামাদ ৭৪ ২৪৮ ৮/৬১ ২৭.০২
* ম্যাচ চলছে