রাজশাহীর দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আহমেদ: ১০৬* ও নাঈম ইসলাম: ১০৪*
আসিফ আহমেদ: ১০৬* ও নাঈম ইসলাম: ১০৪*

এবারের জাতীয় লিগে নিজেদের প্রথম ম্যাচটা ৯৩ রানে জিতেছিল রাজশাহী। উত্তরবঙ্গের দলটি দ্বিতীয় রাউন্ডেও জিতেছে। এবার আরও বড় ব্যবধানে। কাল শেষ দিনে রাজশাহীতে স্বাগতিকেরা বরিশালকে হারিয়েছে ১৩১ রানে। দুই ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দল ঢাকা বিভাগের (৪৯) পরেই অবস্থান রাজশাহীর। বগুড়া ও বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডের অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র।

জিততে হলে করতে হবে ৩৭০ রান। ২ উইকেটে ৪৮ রানে দিন শুরু করা দলটি অলআউট হয়ে যায় ২৩৮ রানে। ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে শেষ সেশনে ঢোকা বরিশাল অবশ্য চা-বিরতির সময়ও ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল। বিরতির পর দ্বিতীয় ওভারেই উইকেটকিপার শাহিন হোসেনকে হারায় বরিশাল, তাদের শেষ ৫ উইকেট পড়ে ৪২ রানে। সর্বোচ্চ ৭৫ রান করেছেন ইফতেখার নাঈম। দুই ইনিংসে ৪৩ ও ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ রাজশাহীর জুনায়েদ সিদ্দিক। 

বগুড়ায় রংপুরকে ৩৮২ রানের লক্ষ্য দেয় বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। চা-বিরতির আগেই ১৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা রংপুর ম্যাচ বাঁচিয়েছে নাঈম ইসলাম ও তানভীর হায়দারের ব্যাটে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২তম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন নাঈম। প্রায় চার ঘণ্টা ব্যাট করে ১৯৪ বলে ১০৪ রান করেছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। ১১২ রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে নাঈমের সঙ্গী তানভীর করেছেন ৫২। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি পাওয়া খুলনার তুষার ইমরানই ম্যাচসেরা। দিনের শুরুতে মাত্র ৪ বল খেলে ১ উইকেট হারিয়ে আগের দিনের সংগ্রহে আর ৪ রান যোগ করার পরই ইনিংস ঘোষণা করে খুলনা। এই উইকেটটি নিয়ে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৭তম বারের মতো ৫ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী।

বগুড়ায় ড্র নিশ্চিত করে চা-বিরতির সময় দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ঢাকা মহানগর। জিততে হলে এক সেশনে সিলেটকে করতে হতো ৩২৫ রান। অসম্ভব লক্ষ্যে ছোটেনি দলটি। এর আগে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন মহানগরের আসিফ আহমেদ। পাঁচ ঘণ্টারও বেশি ব্যাটিংয়ে ২৩৮ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন আসিফ।

রাজশাহী-বরিশাল, রাজশাহী

রাজশাহী: ৩৩০ ও ৭৩.৩ ওভারে ২৭০/৯ ডি.। বরিশাল: ২৩১ ও ১০৪.৪ ওভারে ২৩৮ (ইফতেখার ৭৫, নুরুজ্জামান ৩০, শাহিন ২৬, মনির ২৬; দেলোয়ার ৪/৩৮, শফিউল ৩/৩৪, ফরহাদ হোসেন ১/৩০, মুক্তার ১/৩৪, তাইজুল ১/৬১)।

ফল: রাজশাহী ১৩১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।

খুলনা-রংপুর, বগুড়া

খুলনা: ৪০৮ ও ৬৩.৪ ওভারে ২৫৬/৯ ডি. (ডলার ৬৩, সৌম্য ৬০, তুষার ৫৪; সোহরাওয়ার্দী ৫/৫৮, তানভীর ১/৩১, শুভাশিস ১/৪১, আরিফুল ১/৭৭)। রংপুর: ২৮৩ ও ৮৪.৪ ওভারে ২৬৬/৪ (নাঈম ১০৪*, তানভীর ৫২*, তারিক ৪১; জিয়াউর ১/১৬, ডলার ১/১৭, নিজামউদ্দিন ১/৬৪)।

ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: তুষার ইমরান।

ঢাকা মহানগর-সিলেট, বিকেএসপি

ঢাকা মহানগর: ৩১৫ ও ৯৯ ওভারে ২৯৩/৭ ডি. (আসিফ ১০৬*, সৈকত ৭৬, শরীফউল্লাহ ২৬; নাবিল ৩/৭৮, এনামুল জু. ২/১২৯, জায়েদ ১/৫৭)। সিলেট: ২৮৪ ও ১৮ ওভারে ৭২/১ (সায়েম ৩৬*, ইমতিয়াজ ৩২; শরীফউল্লাহ ১/২১)।

ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: অলক কাপালি।