রাজশাহীর রানের পাহাড়
তামিম ইকবাল, চার্লস কভেন্ট্রি ও শন অরভিনের ঝড়ো ব্যাটিংয়ে বরিশাল বার্নার্সের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দুরন্ত রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর করা ২১৩ রানটাই এখন পর্যন্ত বিপিএলের দ্বিতীয় আসরের সর্বোচ্চ সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। আরেক ওপেনার চার্লস কভেন্ট্রি খেলেছেন মাত্র ২৫ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস। আর শেষপর্যায়ে শন অরভিনের ১১ বলে ৩০ রানের সুবাদে স্কোরবোর্ডে ২১৩ রান জমা করে রাজশাহী।বরিশালের বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করেন রাজশাহীর দুই ওপেনার তামিম ইকবাল ও চার্লস কভেন্ট্রি। প্রথম সাত ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ৮৫ রান। সপ্তম ওভারের শেষ বলে বিধ্বংসী রুপ ধারণ করা কভেন্ট্রিকে আউট করে বরিশাল শিবিরে স্বস্তি ফেরান অলোক কাপালি। ২৫ বলে ৬২ রানের দানবীয় এক ইনিংস খেলে ফিরে যান কভেন্ট্রি। তবে তারপরও ঝড়ো ব্যাটিং অব্যাহত রেখে বরিশালের বোলারদের নাজেহাল করেছেন তামিম ও সাইমন ক্যাটিচ। ১২তম ওভারে ২৩ রান করা ক্যাটিচকে আউট করেন শফিউল ইসলাম। তিন ওভার পরে রাজশাহীর অধিনায়ক জহুরুলের উইকেটও তুলে নেন এই ডানহাতি পেসার। ১৭তম ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। শেষপর্যায়ে আবুল হাসানের ১৩ ও শন অরভিনের ৩০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে রাজশাহীর স্কোরবোর্ডে জমা হয় ২১৩ রান।