রাজশাহীর লক্ষ্য সেই ১৪৮ রান
বিপিএলের ষষ্ঠ ম্যাচে জয়ের জন্য সিলেট রয়্যালসকে ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল দুরন্ত রাজশাহী। আজ দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হয়ে প্রথমার্ধে সেই ম্যাচের সঙ্গে আশ্চর্যজনক সাদৃশ্য তৈরি করেছে সিলেট ও রাজশাহী। বিপিএলের ২৭তম ম্যাচে জয়ের জন্য দুরন্ত রাজশাহীকে সেই ১৪৮ রানের টার্গেটই দিয়েছে সিলেট রয়্যালস। নিজেদের গত ম্যাচে এই রান তাড়া করে ৪ উইকেটের জয় পেয়েছিল সিলেট রয়্যালস। নিজেদের ফিরতি ম্যাচে দুরন্ত রাজশাহী সেই হারের জবাব দিতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার পল স্টার্লিংয়ের উইকেট হারায় সিলেট রয়্যালস। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে রাজশাহী শিবিরে ভীতির সঞ্চার করেছিলেন আরেক ওপেনার ডোয়াইন স্মিথ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সপ্তম ওভারে এই জুটি ভাঙেন নাঈম ইসলাম জুনিয়র। ২৪ রান করে ফিরে যান স্মিথ। এক ওভার পরে মমিনুল হকও সাজঘরে ফেরেন মুনাবীরার শিকারে পরিণত হয়ে। উইকেটের অপর প্রান্তে দাঁড়ানো মুশফিকুর রহিম অবশ্য শুরু থেকেই হাত খুলে ব্যাট চালিয়ে গেছেন। কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে অধিনায়কোচিত একটি ইনিংস খেলতে পারেননি মুশফিক। ১০ম ওভারে ৩৪ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন সিলেটের স্কোরবোর্ডে যোগ হয়েছিল ৭৫ রান। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সিলেট রয়্যালসের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এলটন চিগুম্বুরা। ১৩তম ওভারে তিনি ফিরেছেন ৮ রান করে। এরপর রানের গতি বেশ খানিকটা কমে যায় সিলেট রয়্যালসের। ষষ্ঠ উইকেটে ২৮ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন মিলন ও মোহাম্মদ নবী। কিন্তু ১৭তম ওভারে এই দুজনের উইকেটই তুলে নেন মনির হোসেন। মিলন ১৫ ও নবী ১৭ রান করেন। শেষপর্যায়ে সোহরাওয়ার্দী শুভর ১৮ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করে সিলেট রয়্যালস।