রাজশাহীর হ্যাটট্রিক
শেষ দিনের নাটকটুকু হলো না। ম্যাচ জিতে শিরোপা জয়ের চেষ্টা যখন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল, রাজশাহী নাটকীয়তা এড়িয়েই গেল। তারা ধরল সহজ পথ এবং তাতে ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা আগেই দুই অধিনায়কের সম্মতিতে ড্র ঘোষণা। জাতীয় লিগ ফাইনাল জিততে ২৯৭ রানের টার্গেট নিয়ে খেলে রাজশাহীর সংগ্রহ তখন ৬ উইকেটে ২৪০ রান। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শিরোপা তবু তাদেরই, ১২তম আসরে এসে প্রথমবারের মতো হ্যাটট্রিক শিরোপা দেখল জাতীয় লিগ।রাজশাহীর প্রয়োজন ছিল ২৪৬ রান, ঢাকার ১০ উইকেট—ফাইনালের শেষ দিনটা নাটকীয় হয়ে ওঠার সম্ভাবনা যথেষ্টই ছিল। জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেনের উইকেট দুটি হারিয়ে মধ্যাহ্নবিরতির আগেই রাজশাহীর ১৩১ রান বাড়িয়ে দিয়েছিল রোমাঞ্চ। কিন্তু মধ্যাহ্নবিরতি থেকে চা-বিরতি—এই ২৭ ওভারে ৬৩ রানে ৩ উইকেট তুলে পাল্টা চোখ রাঙালেন ঢাকার বোলাররা। চা-বিরতির পর রাজশাহী তাই ছক পাল্টে রক্ষণাত্মক এবং ম্যাচের গতিপথও তাতেই নির্ধারিত হয়ে গেল। শেষ ২৬ ওভারের ব্যাটিংয়ে এল মাত্র ৪৬ রান, রাজশাহীর মাথায় জয়ের চিন্তাটা একদমই নেই। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ২ পয়েন্ট পাওয়া তো নিশ্চিত আগেই!এর আগে ওপেনার জুনায়েদ সিদ্দিক ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাঈম ইসলামের ব্যাটিং ফাইনালে সরাসরি জয়েরই স্বপ্ন দেখাচ্ছিল চ্যাম্পিয়নদের। ফরহাদ হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৮ এবং চতুর্থ উইকেটে নাঈমের সঙ্গে ৪৩ রানের দুটি জুটিতে জুনায়েদ হয়ে ছিলেন রাজশাহীর চালক। তবে একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়াতেই হয়তো সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে শাহাদাত হোসেনের মারার বলও ঠেকাতে গেলেন, কাভারে সহজ ক্যাচ তুলে ফিরলেন বাঁহাতি ওপেনার।তবে ধৈর্যের পরীক্ষায় এদিনও উত্তীর্ণ নাঈম। প্রথম ইনিংসে ব্যাট করেছেন ৭ ঘণ্টা। দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা ধরে রেখে উইকেটে থাকলেন চার ঘণ্টা। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ ইনিংসে কম ধৈর্য দেখালেন না খালেদ মাসুদও—৮৩ বলে ১৪ রান। রাজশাহীর উইকেট আঁকড়ে থাকার ব্যাটিংকে পরাস্ত করতে ঢাকার অফ স্পিনার মাহমুদউল্লাহও একসময় হয়ে গেলেন মিডিয়াম পেসার! তাতে মাসুদকে এলবিডব্লু করা গেলেও নাঈম অপরাজিত থেকে গেছেন ৫২ রানে। দুই ইনিংসে এমন ব্যাটিং করেও অবশ্য এই ম্যাচের সেরা খেলোয়াড় তিনি নন। ম্যাচ রেফারির দৃষ্টিতে ম্যাচটাকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ করে তুলতে ঢাকার ব্যাটসম্যান-উইকেটরক্ষক আনামুল হকের কৃতিত্বই বেশি। দুই ইনিংসে ৪৯ ও ১১৮ রান এবং উইকেটরক্ষক হিসেবে ৬টি ডিসমিসাল ম্যাচসেরার পুরস্কার দিয়েছে তরুণ ক্রিকেটারকেই।পুরস্কার বিতরণী মঞ্চে অবশ্য আনামুলের সঙ্গে উঠেছেন আরও অনেকেই। লিগের সেরা উইকেটরক্ষক হিসেবে ৩০ হাজার টাকা ও ট্রফি পেয়েছেন রাজশাহীর ধীমান ঘোষ। সেরা উইকেটশিকারি ও সেরা রানসংগ্রাহক হয়ে ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা করে পেয়েছেন বরিশালের সোহাগ গাজী ও নাসিরউদ্দিন ফারুক। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট ঢাকার ইলিয়াস সানি পেলেন ট্রফি ও এক লাখ টাকা পুরস্কার। এ ছাড়া জাতীয় লিগের চ্যাম্পিয়ন রাজশাহী ১২ লাখ টাকা, রানার্সআপ ঢাকা ৬ লাখ টাকা এবং তৃতীয় হওয়া সিলেট পেয়েছে ৩ লাখ টাকা।পুরস্কারের টাকার অঙ্ক বেড়েছে, কিছুটা হলেও বেড়েছে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা। তার পরও দ্বাদশ সংস্করণে এসেও দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় লিগ আশাবাদী হতে বলে না। প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে হতাশাটা থাকছেই।