রাজসিক বিদায়ই নিচ্ছেন ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর জ্যাক ক্যালিস
সেঞ্চুরির পর জ্যাক ক্যালিস

এখন পর্যন্ত টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে দুই হাজার ৭৩৪ জনের। সংখ্যাটা কম নয়। এঁদের সিংহভাগই বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। তবে শেষ টেস্টে সেঞ্চুরি করে বিদায় নেওয়ার গৌরব খুব বেশি জনের হয়নি। সংখ্যাটা ছিল মাত্র ৩৩ জনের। সেঞ্চুরি করে বিদায় নেওয়ার গৌরব হয়নি অনেক রথী-মহারথীরও। জ্যাক ক্যালিসও সেই তালিকায় নাম লেখালেন। ডারবানে নিজের বিদায়ী টেস্টে ৪৫ নম্বর সেঞ্চুরিটা করেছেন এই কিংবদন্তি।

কাল ৭৮ রানে অপরাজিত ছিলেন। প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত দিনের শেষ ৮ ওভার খেলা হয়নি। তবে আজ আর কোনো বাধাই বাধা হলো না। ক্যালিস ঠিকই তুলে নিলেন সেঞ্চুরি। শুধু তা-ই নয়, আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা ডেল স্টেইনকে নিয়ে দারুণ একটা জুটিও গড়ে তুলেছেন। ষষ্ঠ উইকেটে ৮৬ রান যোগ করেছে এই জুটি। শেষ পর্যন্ত ক্ষণিকের ভুলে রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে ইনিংসটা ১১৫ রানেই সমাপ্ত হয়েছে ক্যালিসের। না হলে হয়তো আরও লম্বা একটা ইনিংসই খেলতে পারতেন।

এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেটে ৩৮৪ রান তুলে ৫০ রানের লিড নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে ভীষণই নড়বড়ে স্টেইন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দিকে এগিয়ে চলেছেন। মাত্রই উইকেটে এসেছেন ফ্যাফ ডু প্লেসিস। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন জাদেজা। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটের কেবল একটিই পাননি এই বাঁ হাতি স্পিনার।