রাজস্থান-বেঙ্গালুরুর দারুণ জয়
আইপিএলের দুটি ম্যাচই কাল দেখল রোমাঞ্চকর রান তাড়া। নিজেদের ‘দুর্গ’ জয়পুর ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজস্থান রয়্যালস। হাতের মুঠো থেকে জয় ফেলে দিয়ে শীর্ষস্থান হারিয়েছে পুনে ওয়ারিয়র্স, শেষ বলের ছয়ে ৬ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।পুনের বিপক্ষে ১৮৩ রান তাড়ায় বেঙ্গালুরুকে লড়াইয়ে রেখেছিল ম্যাচ-সেরা ক্রিস গেইলের ৪৮ বলে ৮১ রান। জয়ের জন্য শেষ ওভারে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ২১। আশিস নেহরার করা ওভারের প্রথম বলে সৌরভ তিওয়ারি নিলেন ১ রান, পরের তিন বলে এবি ডি ভিলিয়ার্স মারলেন ৪, ৬ ও ৬। পঞ্চম বলে সিঙ্গেল, শেষ বলে প্রয়োজন ছিল ২। তিওয়ারি ছয় মারলেন লংঅন দিয়ে।জয়পুরে জেপি ডুমিনি (২৬ বলে ৫৮*), ধাওয়ান (৪৩ বলে ৫২), সাঙ্গাকারা (৩২ বলে ৪৪) ও ক্রিস্টিয়ান (১৯ বলে ২৯*) ডেকানকে এনে দিয়েছিল ১৯৬ রান। দ্রাবিড় (২৪ বলে ৪২) ও রাহানে (৩১ বলে ৪৪) দারুণ শুরু এনে দেন রাজস্থানকে। ম্যাচ-সেরা ব্র্যাড হজের ২১ বলে অপরাজিত ৪৮ জয় এনে দেয় দুই বল বাকি থাকতে।