রাজস্থানকে হারিয়েছে চেন্নাই

একটা পর্যায়ে মনে হচ্ছিল স্কোরবোর্ডে ১৪০ তুলেও জয়টা সহজেই পেতে যাচ্ছে চেন্নাই সুপারকিংস। কিন্তু রাজস্থান রয়্যালসের নবম ও দশম উইকেট জুটিতে রজত ভাটিয়া, ধাওয়াল কুলকার্নি আর প্রভীন তামবে’র কার্যকরি ব্যাটিং সেই জয়টাকে একটু বিলম্বিতই করলো। শেষ অবধি মহেন্দ্র সিং ধোনির দল পেয়েছে ৭ রানের এক জয়।
টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। চেন্নাইয়ের ব্যাটিংটা অবশ্য মোটেও যুত্সই হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথের ২৮ বলে ৫০ ছাড়া বলার মতো স্কোর কেবল রবীন্দ্র জাদেজার—৩৬। নিয়মিত বিরতিতে উইকেট হারানো চেন্নাই অবশ্য নিজেদের ভাগ্যবান ভাবতে পারে স্কোরবোর্ডে লড়াইয়ের মতো একটা সংগ্রহ তুলতে পেরে।
রাজস্থানের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন জেমস ফকনার, প্রভীন তামবে, স্টুয়ার্ট বিনি। তাদের সেরা বোলার অবশ্য রজত ভাটিয়া। ১৩ রানের বিনিময়ে তিনি তুলে নেন চেন্নাইয়ের ২ উইকেট।
১৪১ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে রাজস্থানের ব্যাটিংটা ছিল বিপর্যয়ে ঠাসা। ৮০ রানে ৭ উইকেট হারানো রাজস্থানের হয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাটা বজায় রেখেছিলেন ধাওয়াল কুলকার্নি। ১৯ বলে ২৮ রান করে তিনি প্রায় জিতিয়েই দিয়েছিলেন দলকে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। শুরুর বিপর্যয়টাই আসলে শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় রাজস্থানের জন্য।
চেন্নাইয়ের পক্ষে মোক্ষম কাজটা সেরেছেন আসলে রবীন্দ্র জাদেজা। ৩৩ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। এছাড়া বেন হিলফেনহস, ঈশ্বর পাণ্ডে, রবিচন্দ্রন অশ্বিন ও মোহিত শর্মার সংগ্রহ ১টি করে উইকেট।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে ওই রবীন্দ্র জাদেজার হাতেই। জি নিউজ, সেটম্যাক্স।