রাজস্থানে কলিংউডের বদলে ওরাম
বিশ্বকাপে জ্যাকব ওরামের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ঢাকায় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউইদের অবিস্মরণীয় জয়ে তাঁর অবদান সবচেয়ে বেশি। ব্যাট হাতেও তিনি যে কম যান না, তার প্রমাণ তিনি রেখেছেন বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে। দীর্ঘদেহী এই নিউজিল্যান্ড অলরাউন্ডার এত দিন হন্যে হয়েই খুঁজছিলেন অর্থকরী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি সুযোগ। সেই সুযোগ তাঁর সামনে এসে গেছে পল কলিংউডের ইনজুরির কারণে। রাজস্থান রয়েলসের হয়ে খেলার কথা থাকলেও ডান হাঁটুর অস্থিতন্তুর অস্ত্রোপচারের কারণে আইপিএল খেলতে পারছেন না কলিংউড। তাঁর বদলি হিসেবেই জ্যাকব ওরামকে দলভুক্ত করেছে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন, বলিউড তারকা শিল্পা শেঠির দল রাজস্থান রয়েলস।বিশ্বকাপে ওরাম ১৮ দশমিক ৪১ গড়ে ১২টি উইকেট সংগ্রহ করেছেন। মূলত তাঁর বিশ্বকাপ পারফরম্যান্সই রাজস্থান রয়েলসকে তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। লোয়ার মিডল অর্ডারে হাত খুলে খেলার ব্যাপারটিও আকর্ষণ করেছে ফ্র্যাঞ্চাইজটির ম্যানেজমেন্টকে। ইতিমধ্যেই অনেকে ওরামকে কলিংউডের চেয়েও কার্যকরী খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তাই সব মিলিয়ে কলিংউডের ইনজুরি রাজস্থানের জন্য শাপে বর হিসেবেই দেখা হচ্ছে।ওরাম নিজেও আইপিএলে সুযোগ পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, ‘আমি আসলে কোনো ইনজুরিগ্রস্ত খেলোয়াড়ের বদলি হিসেবে খেলতে চাইনি। তবে কলিংউডের ইনজুরি যখন সুযোগটা তৈরি করে দিয়েছে তখন এটিকে আমি দুই হাতেই গ্রহণ করতে চাই। ভালো খেলে ফ্র্যাঞ্চাইজের ম্যানেজমেন্টকে খুশি করতে চাই। ভবিষ্যতে আইপিএলে আবার সুযোগ পাওয়ারও রসদ সংগ্রহ করতে চাই। ভালো খেলেই আমি আমার ক্যারিয়ারকে অনেক দূর টেনে নিয়ে যেতে চাই।’ ওয়েবসাইট।