রাজস্থানের নাটকীয় জয়
শেষ ৩ ওভারে দরকার মাত্র ২২ রান। ১৬৬ রান তাড়া করতে নামা দিল্লি ডেয়ারডেভিলসের হাতে ছিল ৮ উইকেট। ক্রিজে ডেভিড ওয়ার্নার (৫৬ বলে ৭৭)। দিল্লির জয়ই তো প্রত্যাশিত! কিন্তু হলো উল্টোটা। দান উল্টে গেল। এই তিন ওভারে ৪ উইকেট হারিয়ে দিল্লি তুলতে পারল মাত্র ১৬ রান। ফল ৫ রানের হার। শেষ তিন ওভারের দুটিই করেছেন কেভন কুপার। এই দুই ওভারে ওয়েস্ট ইন্ডিয়ান মিডিয়াম পেসার ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এর আগে রাজস্থান ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। ৫১ বলে ৬ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৬৫ রান করে ম্যাচসেরা অধিনায়ক রাহুল দ্রাবিড়। ২৪ রানে ৪ উইকেট নেন দিল্লির উমেশ যাদব। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (১৩৯/৯) ৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস (১৪৮/৬)। ৩৮ বলে অপরাজিত ৫৭ রান করে ম্যাচসেরা মুম্বাইয়ের কাইরন পোলার্ড। পোলার্ডের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। চেন্নাই অধিনায়ক ধোনির (২৬ বলে ৫১) অসাধারণ এক ক্যাচ ধরে ম্যাচের মোড়ও ঘুরিয়েছেন পোলার্ড। ওয়েবসাইট।